রাণীনগরে বিএনপি কার্যালয়ে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নওগাঁর রাণীনগরে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুনের ঘটনায় ১০৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলায় কাশিমপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রুহুল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নওগাঁর রাণীনগরে বিএনপির একটি ওয়ার্ড কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনায় ১০৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা রুহুল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল জানান, বুধবার গভীর রাতে কালীগ্রাম ইউনিয়নের খানপুকুর বাজারে ৩ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন লাগার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কার্যালয়ের ছয়টি চেয়ার, ব্যানার, শামিয়ানা ও টিনের কিছু অংশ পুড়ে গেছে।
ওসি জানান, বিএনপি নেতা আতোয়ার রহমান বৃহস্পতিবার সকালে বাদী হয়ে মামলাটি করেন। এতে ২৩ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে; অজ্ঞাতনামা আসামি ৭০ থেকে ৮০ জন। রাতেই অভিযান চালিয়ে কাশিমপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রুহুল আমিনকে আটক করা হয়। পরে তাঁকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
রুহুল আমিন কাশিমপুর মঙ্গলপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে। একই রাতে গোনা ইউনিয়ন বিএনপির কার্যালয়েও আগুন দেওয়ার চেষ্টা হয়েছিল বলে জানান ওসি। তবে সেখানে উল্লেখযোগ্য কোনো ক্ষতি হয়নি।
সূত্র: আজকের পত্রিকা




