শ্রীপুরে সন্ত্রাসবিরোধী মামলায় মৃত দুই সাবেক জনপ্রতিনিধি আসামি

শ্রীপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুই বছর আগে মারা যাওয়া সাবেক দুই জনপ্রতিনিধিকে আসামি করা হয়েছে। তাঁদের নাম বাদ দেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
গাজীপুরের শ্রীপুরে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় দুই বছর আগে মারা যাওয়া সাবেক দুই জনপ্রতিনিধিকে আসামি করা হয়েছে। তাঁদের একজন পৌর কাউন্সিলর, অন্যজন ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন। বিষয়টি নিয়ে ক্ষোভ জানিয়েছেন তাঁদের স্বজনেরা।
গত ২৪ নভেম্বর শ্রীপুর থানায় মামলাটি করেন থানার উপপরিদর্শক মো. মোশাররফ হোসেন। এতে ১১১ জনকে আসামি করা হয়েছে। তালিকার ৯১ নম্বরে রয়েছেন শ্রীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. আলী আজগর। তিনি ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর মারা যান।
মামলার ১০৪ নম্বর আসামি গাজীপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মো. ইদ্রিস আলী। বাঁশবাড়ি গ্রামের বাসিন্দা ইদ্রিস ২০২৪ সালের ২ ডিসেম্বর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজাহারুল ইসলাম বলেন, মামলায় অনেক আসামি রয়েছেন। মৃত ব্যক্তিদের নাম কীভাবে আসামির তালিকায় এসেছে, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ওই দুজনের নাম বাদ দেওয়া হবে।
মামলার এজাহারে বলা হয়েছে, ২৩ নভেম্বর তেলিহাটি ইউনিয়নের রঙিলা বাজার এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা সন্ত্রাসী কার্যক্রম চালান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে। শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল জলিলকে মামলার প্রধান আসামি করা হয়েছে।
আলী আজগরের জামাতা ফজলে রাব্বী বলেন, ‘একজন মানুষ মারা যাওয়ার দুই বছর পর কীভাবে তাঁকে মামলার আসামি করা হয়? বিষয়টি খুবই দুঃখজনক। এতে তাঁদের পরিবার কষ্ট পেয়েছে। এখন বিষয়টি কীভাবে মীমাংসা হবে, তা–ও বুঝতে পারছি না।’ ইদ্রিস আলীর এক ঘনিষ্ঠ স্বজন পরিচয় গোপন রাখার শর্তে বলেন, ‘একজন মৃত ব্যক্তি কীভাবে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে পারেন?’
সূত্র: প্রথম আলো



