সিলেট থেকে গ্রেপ্তার বদির ছেলে ও দুই ভাই, আদালতের নির্দেশে কারাগারে

সিলেটের একটি আবাসিক হোটেল থেকে আবদুর রহমান বদির ছেলে, তাঁর দুই ভাই ও এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কক্সবাজারের দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
সিলেটের বিভিন্ন হোটেলে অবস্থান করছিলেন কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে ও দুই ভাই। সেখান থেকে ভারতে যাওয়ার চেষ্টার আগেই তাঁদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
বুধবার ভোর পাঁচটার দিকে সিলেট নগরের জল্লারপাড় এলাকার একটি আবাসিক হোটেল থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বদির ছেলে শাওন আরমান এবং তাঁর দুই ভাই আবদুস শুক্কুর ও আবদুল আমিন। তাঁদের সঙ্গে থাকা মোহাম্মদ হোসেনকেও গ্রেপ্তার করা হয়। তিনি টেকনাফ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।
টেকনাফে সহিংসতার ঘটনায় করা দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার চারজনকে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম নাজমুল হাসানের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। পরে প্রিজনভ্যানে করে তাঁদের জেলা কারাগারে নেওয়া হয়।
কক্সবাজার আদালতের পুলিশ পরিদর্শক আবদুল বাতেন মৃধা জানান, টেকনাফের সাম্প্রতিক সহিংসতার ঘটনায় থানায় করা পৃথক দুটি মামলায় চারজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বৃহস্পতিবার আদালতে হাজির করার পর বিচারক তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
আবদুর রহমান বদি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। দুর্নীতির মামলায় সাজা হওয়ায় একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনে তাঁর পরিবর্তে স্ত্রী শাহীন আক্তার দলীয় মনোনয়ন পান।
পুলিশের তথ্য অনুযায়ী, ২০১৯ সালের ১৬ ফেব্রুয়ারি টেকনাফ পাইলট উচ্চবিদ্যালয় মাঠে সাড়ে তিন লাখ ইয়াবা ও কয়েকটি অস্ত্র জমা দিয়ে ১০২ জন মাদক কারবারি ও গডফাদার আত্মসমর্পণ করেন। তাঁদের মধ্যে বদির দুই ভাইসহ তাঁর পরিবারের অন্তত ১৬ জন ছিলেন। অস্ত্র ও মাদক আইনে মামলা হওয়ার পর কারাগারে গেলেও দুই বছর পর আত্মসমর্পণকারীরা সবাই মামলা থেকে অব্যাহতি পান।
সূত্র: প্রথম আলো




