সামুদ্রিক নিরাপত্তায় সহযোগিতা নিয়ে বাংলাদেশ-ইতালি কোস্ট গার্ডের আলোচনা

পাঁচ দিনের সফরে বাংলাদেশে এসে কোস্ট গার্ডের সক্ষমতা, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন ইতালির কমান্ড্যান্ট ভাইস অ্যাডমিরাল সার্জিও লিয়ার্দো।
বাংলাদেশ ও ইতালির মধ্যে সামুদ্রিক নিরাপত্তা এবং কোস্ট গার্ডের কার্যক্রমে সহযোগিতা বাড়ানোর লক্ষ্য নিয়ে পাঁচ দিনের সফরে বাংলাদেশে এসেছিলেন ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট ভাইস অ্যাডমিরাল সার্জিও লিয়ার্দো। গত শনিবার শুরু হওয়া সফর শেষে বুধবার তিনি বাংলাদেশ ত্যাগ করেন।
বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। সফরের অংশ হিসেবে রোববার কোস্ট গার্ড সদর দপ্তরে পৌঁছালে লিয়ার্দোকে আনুষ্ঠানিক অভ্যর্থনা ও গার্ড অব অনার দেওয়া হয়।
সফরে তিনি বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বাংলাদেশ নৌবাহিনীর প্রধান এবং কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকগুলোতে দুই দেশের সম্পর্ক, সামুদ্রিক নিরাপত্তা এবং বাংলাদেশ কোস্ট গার্ডের অপারেশনাল সক্ষমতা বাড়াতে সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
সফরের তৃতীয় দিনে চট্টগ্রামে বাংলাদেশ কোস্ট গার্ডের পূর্ব জোনের কার্যক্রম ও বোট ওয়ার্কশপ পরিদর্শন করেন ইতালির কমান্ড্যান্ট। তিনি পূর্ব জোনের জোনাল কমান্ডারের সঙ্গেও সাক্ষাৎ করেন এবং ওই জোনের কার্যক্রম সম্পর্কে ব্রিফিং নেন।
গভীর সমুদ্রে বাংলাদেশের টহল সক্ষমতা বাড়ানো, প্রশিক্ষণ এবং যৌথ মহড়ার বিষয়েও আলোচনা হয়েছে। কোস্ট গার্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশের বাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করেন লিয়ার্দো।
সামুদ্রিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, মহাকাশ ও আকাশ প্রযুক্তি, অনুসন্ধান ও উদ্ধার এবং জলদস্যুতা দমনে ইতালির অভিজ্ঞতা ও কারিগরি সহযোগিতা দেওয়ার আগ্রহও জানান তিনি।
সুমন আল মুকিত বলেন, এ সফরে দুই দেশের কোস্ট গার্ডের প্রাতিষ্ঠানিক সম্পর্ক জোরদার হবে বলে আশা করা হচ্ছে। তাঁর মতে, পেশাগত দক্ষতা, অপারেশনাল সক্ষমতা, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি সামুদ্রিক নিরাপত্তা ও অপরাধ দমনে সহযোগিতার নতুন সুযোগ তৈরি হতে পারে।
সূত্র: আজকের পত্রিকা




