গাংনী সীমান্তে ৩১ লাখ টাকার ভারতীয় মাদকসহ আটক ১

মেহেরপুরের গাংনী সীমান্তের শওড়াতলা এলাকায় বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও ট্যাবলেটসহ এক ব্যক্তি আটক হয়েছেন। জব্দ মাদক ও অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ৩১ লাখ ৮১ হাজার ২০০ টাকা।
মেহেরপুরের গাংনী সীমান্তের শওড়াতলা এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মাদকদ্রব্য ও একটি মোটরসাইকেলসহ মো. আশরাফুল ইসলাম বেল্টু (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোররাতে কাজীপুর বিওপির একটি টহল দল তাঁকে আটক করে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৯ মিনিটে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তি অনুযায়ী, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের ভেতরে শওড়াতলা পাকা সড়ক থেকে তাঁকে আটক করা হয়।
বিজিবি জানায়, আশরাফুলের কাছ থেকে ভারতীয় ৭৮ বোতল ফেয়ারডিল সিরাপ, ১০ হাজার সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। জব্দ করা মাদক ও অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ৩১ লাখ ৮১ হাজার ২০০ টাকা।
আশরাফুল উপজেলার শওড়াতলা মধ্যপাড়া গ্রামের মো. সেন্টু আলীর ছেলে। বিজিবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তাঁর বিরুদ্ধে পুলিশের এজাহারভুক্ত চারটি মামলা রয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার পর আটক ব্যক্তি ও জব্দ করা মালামাল গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে। থানার তদন্ত কর্মকর্তা ওসি শিমুল কুমার দাস জানান, বিজিবি মালামালসহ একজনকে থানায় দিয়েছে। তাঁকে দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।
সূত্র: আজকের পত্রিকা
সম্পর্কিত আরও খবর

ঢাকাসহ সাত জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

নানক-নাছিমদের আগরতলায় থাকার খবর, আখাউড়া সীমান্তে বিএনপির বিক্ষোভ


