রাণীনগরে শিক্ষকের বাসা থেকে স্বর্ণ-রুপার গহনা ও টাকা চুরি

নওগাঁর রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ঢুকে ৫ ভরি স্বর্ণ, ৮ ভরি রুপার গহনা ও সাড়ে ১২ হাজার টাকা চুরির অভিযোগ উঠেছে।
নওগাঁর রাণীনগরে এক শিক্ষকের বাসার বারান্দার গ্রিল কেটে ভেতরে ঢুকে আলমারি ভেঙে স্বর্ণ ও রুপার গহনা এবং নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার একডালা ইউনিয়নের জেঠাইল গ্রামের সুলতান প্রামানিকের বাসায় এ ঘটনা ঘটে।
সুলতান প্রামানিক জেঠাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। তাঁর ভাষ্য, প্রতিদিনের মতো বুধবার সকালে বাসায় তালা দিয়ে তিনি বিদ্যালয়ে যান। দুপুরে খাবার খেতে বাড়ি ফিরে ভাঙা আলমারি ও এলোমেলো আসবাব দেখতে পান।
তিনি জানান, বাসার দক্ষিণ পাশের বারান্দার গ্রিল কেটে চোরেরা ভেতরে ঢোকে। আলমারি ভেঙে ৫ ভরি স্বর্ণ, ৮ ভরি রুপার গহনা এবং নগদ সাড়ে ১২ হাজার টাকা নিয়ে যায়। তাঁর স্ত্রী সন্তানদের নিয়ে বগুড়ায় থাকেন, আর তিনি গ্রামের বিদ্যালয়ে শিক্ষকতা করেন।
এ ঘটনায় বুধবার রাতে রাণীনগর থানায় লিখিত অভিযোগ করেছেন সুলতান প্রামানিক। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সূত্র: আজকের পত্রিকা



