ত্রিশালে ইউটিউবে প্রশ্ন প্রকাশের পর অষ্টম শ্রেণির পরীক্ষা স্থগিত

ময়মনসিংহের ত্রিশালে অষ্টম শ্রেণির বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্ন ইউটিউবে প্রকাশের পর পরীক্ষার প্রশ্নের সঙ্গে মিল পাওয়া যায়। বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার নজরুল বালিকা উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেণির বাংলা দ্বিতীয় পত্রের বার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার আগের রাতে ‘আবির মেন্টর’ নামের একটি ইউটিউব চ্যানেলে প্রশ্নপত্র প্রকাশের পর নির্ধারিত পরীক্ষার প্রশ্নের সঙ্গে মিল পাওয়া যায়।
বৃহস্পতিবার বেলা ১টায় পরীক্ষা হওয়ার কথা ছিল। বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা শুরু হয় ১৯ নভেম্বর। এর আগে চারটি পরীক্ষার প্রশ্নও পরীক্ষার আগের রাতে সমাধানসহ ওই চ্যানেলে প্রকাশিত হয়েছিল বলে জানা গেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি জানতে পেরে পরীক্ষা স্থগিত করেছি। প্রশ্নের মিল থাকার বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম জানান, ইউটিউবে প্রশ্ন থাকার তথ্য পাওয়ার পর তিনি প্রধান শিক্ষককে মিল পাওয়া গেলে পরীক্ষা স্থগিত রাখার নির্দেশ দেন। নতুন প্রশ্ন তৈরি করে পরীক্ষা নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। আগের চারটি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছিল কি না, তা তদন্ত করা হবে; প্রমাণ পাওয়া গেলে সেগুলোও পুনরায় নেওয়ার ব্যবস্থা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ হাসনাত জাহান খান বলেন, বিদ্যালয়ের পরিচালনা কমিটি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পর নতুন প্রশ্ন তৈরি করে পরীক্ষা নেওয়ার মতো পর্যাপ্ত সময় ছিল না।
পরীক্ষার সূচি অনুযায়ী, ১৯ নভেম্বর গণিত, ২২ নভেম্বর ইংরেজি প্রথম পত্র, ২৩ নভেম্বর ইংরেজি দ্বিতীয় পত্র এবং ২৪ নভেম্বর আইসিটি পরীক্ষা হয়। স্থানীয় অভিভাবকেরা ঘটনার তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
সূত্র: আজকের পত্রিকা



