ফটিকছড়িতে অস্ত্র উদ্ধারের পর পুলিশকে উপহাস করে রায়হানের ফেসবুক পোস্ট

ফটিকছড়িতে অস্ত্র উদ্ধারের অভিযানের পর ফেসবুকে পুলিশকে উপহাস করেছেন তালিকাভুক্ত সন্ত্রাসী মো. রায়হান। অভিযানে তাঁর ছয় সহযোগী গ্রেপ্তার হলেও তিনি ধরা পড়েননি।
চট্টগ্রামের ফটিকছড়িতে অস্ত্র তৈরির সরঞ্জাম ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের পর পুলিশকে উপহাস করে ফেসবুকে পোস্ট দিয়েছেন তালিকাভুক্ত সন্ত্রাসী মো. রায়হান। গতকাল বৃহস্পতিবার রাতে দেওয়া পোস্টে তিনি দাবি করেন, দেশি আগ্নেয়াস্ত্র ব্যবহার করেন না। অভিযানে গ্রেপ্তার হওয়া ছয়জনকে ‘প্রতিহিংসার শিকার’ বলেও উল্লেখ করেন তিনি।
পুলিশ জানায়, ২২ নভেম্বর থেকে রায়হান ও তাঁর সহযোগীদের ধরতে অভিযান চলছে। ২৩ নভেম্বর ভুজপুরের দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। সেখানে অস্ত্রের নল, ট্রিগার, স্প্রিং, ড্রিল ও গ্রাইন্ডার মেশিন ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে রায়হান ও তাঁর সহযোগীরা পালিয়ে যান।
পুলিশের তথ্য অনুযায়ী, বুধবার মধ্যরাতের অভিযানে রায়হানের ব্যবহৃত ইতালিতে তৈরি একটি পিস্তল, একটি একনলা বন্দুক ও ৩৪টি গুলি উদ্ধার করা হয়। অভিযানে রায়হানের ছয় সহযোগী গ্রেপ্তার হন। তাঁদের মধ্যে এমরান হোসেন ও সাইদুল ইসলামকে প্রথমে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ইকতিয়ার ফরহাদকে গ্রেপ্তার করে তাঁর বাড়ি থেকে একটি একনলা বন্দুক ও পিস্তলের চারটি গুলি উদ্ধার করা হয়। পরে মহররম আলীর বাড়ি থেকে পিস্তল, দুটি ম্যাগাজিন ও গুলি উদ্ধারের পর তাঁকে এবং জনার্দন দেকে গ্রেপ্তার করা হয়।
এর আগে ২৩ নভেম্বর সন্ধ্যায় সুয়াবিল ইউনিয়নের চুরখাঁরহাট এলাকায় স্থানীয় লোকজন রায়ানদের পথ আটকানোর চেষ্টা করলে তাঁরা গুলি ছোড়েন বলে পুলিশের তথ্য। শটগানের গুলিতে ছয়জন আহত হন। ঘটনাস্থলে সিএনজিচালিত অটোরিকশাচালক জাবেদ হোসেনকে আটক করেন স্থানীয়রা; তিনি রায়হানের সহযোগী বলে দাবি পুলিশের।
রায়হান তাঁর ফেসবুকে পুলিশের অভিযানের খবরসংবলিত ফটোকার্ড শেয়ার করেন। গ্রেপ্তার ব্যক্তিদের চেনেন না বলেও পোস্টে লেখেন তিনি। এর আগে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজের সঙ্গে হোয়াটসঅ্যাপ কথোপকথনের অডিও প্রকাশ করেন রায়হান। কথোপকথনে তারেক আজিজ তাঁকে আত্মসমর্পণের আহ্বান জানান। কর্মকর্তা বলেন, ‘আমি ১০০ পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি, কিছু আপনাকে করব না। আমার কাছে ধরা দেন, সমস্যা নেই।’
অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ বলেন, সহযোগীদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পায় পুলিশ। তাঁর ভাষ্য, রায়হানকে আত্মসমর্পণ করতে বলা হয়েছে; তিনি রাজি না হলেও তাঁকে গ্রেপ্তারে অভিযান চলবে। রায়হানের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনে ১৫টি মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
সূত্র: প্রথম আলো




