সাবেক ওসি অপূর্ব হাসান ও স্ত্রীর জমি ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

দুদকের আবেদনে পল্লবী থানার সাবেক ওসি অপূর্ব হাসান ও তাঁর স্ত্রী ফাতেমা রহমানের জমি ক্রোক এবং অপূর্বর দুটি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত।
পল্লবী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান ও তাঁর স্ত্রী ফাতেমা রহমানের নামে থাকা জমি ক্রোক এবং অপূর্ব হাসানের দুটি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. শাহজাহান কবির এ আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নির্দেশ দেন। দুদকের উপপরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের আবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ ও হত্যা, স্বর্ণ চোরাকারবারে সংশ্লিষ্টতা এবং ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে অপূর্ব হাসান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে।
আবেদন অনুযায়ী, অপূর্ব হাসানের নামে গোপালগঞ্জের কাশিয়ানী ও ঢাকার বাড্ডা এলাকায় জমি রয়েছে। কাশিয়ানীর বহালবাড়িয়া, রামদিয়া ও বড় নড়াইল মৌজা এবং ঢাকার বড় বেড়াইদ মৌজায় তাঁর জমি আছে। ফাতেমা রহমানের নামেও কাশিয়ানী উপজেলার বিভিন্ন মৌজায় জমি রয়েছে।
দুদক বলেছে, অনুসন্ধানের সময় তাঁদের নামে থাকা সম্পদ অন্যত্র হস্তান্তর বা বেহাত করার চেষ্টা হচ্ছে বলে তথ্য পাওয়া গেছে। সম্পদ সরিয়ে ফেলা হলে পরে তা উদ্ধার কঠিন হতে পারে—এ যুক্তিতে স্থাবর সম্পত্তি ক্রোক ও অস্থাবর সম্পদ অবরুদ্ধের আবেদন করা হয়।
সূত্র: আজকের পত্রিকা




