সখীপুরে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১৮ বছরের তরুণ

টাঙ্গাইলের সখীপুরে মাহিন্দ্রা পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. সাগর নিহত হয়েছেন। মোটরসাইকেলের আরেক আরোহী গুরুতর আহত হয়েছেন।
টাঙ্গাইলের সখীপুরে মাহিন্দ্রা পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. সাগর (১৮) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার বড়চওনা ইউনিয়নের পাগলা মোড়ে এ দুর্ঘটনায় মোটরসাইকেলের আরেক আরোহী কবির হোসেন (১৭) গুরুতর আহত হন।
সাগর কিশোরগঞ্জের বাসিন্দা মো. সবুজ মিয়ার ছেলে। স্বর্ণকারের কাজ করা সবুজ মিয়া ব্যবসার কারণে দীর্ঘদিন ধরে সখীপুরের কালিয়া বাজার এলাকায় বসবাস করছেন। আহত কবির বড়চওনা ইউনিয়নের মঠের পুকুরপাড় এলাকার আব্দুল হালিমের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, পাগলা মোড়ে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির সঙ্গে মাহিন্দ্রা পিকআপের সংঘর্ষ হয়। এতে সাগর ঘটনাস্থলেই মারা যান। আহত কবিরকে স্থানীয়রা উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা রাতেই তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
বড়চওনা ইউনিয়ন পরিষদের সদস্য মিজানুর রহমান এ তথ্য জানিয়েছেন। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুরাদ হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
সূত্র: আজকের পত্রিকা




