ওয়ারীর আবাসিক হোটেলে হামলায় ম্যানেজার নিহত, আহত দুই কর্মী

ওয়ারীর একটি আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজার নাঈমুর রহমানকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হামলায় হোটেলের মহাব্যবস্থাপক ও এক কর্মচারী আহত হয়েছেন।
রাজধানীর ওয়ারীতে একটি আবাসিক হোটেলে হামলায় নাঈমুর রহমান (২৬) নামের এক ম্যানেজার নিহত হয়েছেন। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে হোটেলের মহাব্যবস্থাপকসহ আরও দুই কর্মী গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে জয়কালী মন্দিরের পাশে ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে। নাঈমুর ওই হোটেলেই থাকতেন। তাঁর বাড়ি রাজবাড়ীর গোয়ালন্দ থানার পূর্ব উজানচড় গ্রামে; তিনি গোলাম মোস্তফার ছেলে।
ওয়ারী থানার উপপরিদর্শক মো. আলআমিন মিয়া জানান, দেশীয় অস্ত্র হাতে দুজন হোটেলে ঢুকে নাঈমুরকে এলোপাতাড়ি কোপায়। তাঁর চিৎকার শুনে মহাব্যবস্থাপক আব্দুর রাজ্জাক (৫০) ও কর্মচারী মো. হাসান (২৬) এগিয়ে এলে তাঁদেরও কুপিয়ে পালিয়ে যায় হামলাকারীরা।
আলআমিন মিয়া বলেন, আহত তিনজনকে উদ্ধার করে ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক নাঈমুরকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আব্দুর রাজ্জাকের পিঠে গুরুতর জখম হয়েছে এবং হাসানের পেটে ছুরিকাঘাত লেগেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপপরিদর্শক আলআমিন মিয়া জানান, পূর্বশত্রুতার জেরে এক মুরগি ব্যবসায়ী ও তাঁর ছেলে হামলা চালিয়েছেন বলে প্রাথমিকভাবে তথ্য পেয়েছে পুলিশ। ঘটনার কারণ খতিয়ে দেখা এবং অভিযুক্তদের গ্রেপ্তারে কাজ চলছে।
সূত্র: আজকের পত্রিকা




