যাত্রাবাড়ীর ককটেল বিস্ফোরণ মামলায় ডরিনের তিন দিনের রিমান্ড

যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণের মামলায় প্রয়াত সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
রাজধানীর যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় প্রয়াত সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত শুনানি শেষে এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। বিস্ফোরকদ্রব্য আইনের এ মামলায় ডরিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বুধবার রাতে লালমাটিয়ার একটি বাসায় অভিযান চালিয়ে ডরিনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের ওয়ারী বিভাগের একটি দল। বৃহস্পতিবার তাঁকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা, ডিবির উপপরিদর্শক মো. শাহাদাত হোসেন পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।
আবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে ডরিনের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। ককটেল কোথা থেকে এবং কার নির্দেশে সংগ্রহ করা হয়েছিল, অজ্ঞাতনামা আসামিদের পরিচয় ও ঠিকানা এবং জড়িতদের গ্রেপ্তারের জন্য তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে যুক্তি দেয়। ডরিনের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার বিবরণ অনুযায়ী, ৯ নভেম্বর রাত সোয়া আটটার দিকে যাত্রাবাড়ী থানাধীন এলাকায় অজ্ঞাতনামা ব্যক্তিরা আইনশৃঙ্খলা বিঘ্নিত করা ও বড় ধরনের নাশকতার উদ্দেশ্যে জড়ো হয়। এ সময় তারা ককটেল বিস্ফোরণ ঘটায়।
সূত্র: প্রথম আলো




