বাংলাদেশে ১৮ বছরের আগে বিয়ে হয়েছে প্রায় ৪৭ শতাংশ নারীর

বিবিএস ও ইউনিসেফের ২০২৫ সালের জরিপে দেখা গেছে, ২০ থেকে ২৪ বছর বয়সী নারীদের ৪৭ দশমিক ২ শতাংশের বিয়ে হয়েছে ১৮ বছর পূর্ণ হওয়ার আগে।
বাংলাদেশে ২০ থেকে ২৪ বছর বয়সী নারীদের ৪৭ দশমিক ২ শতাংশের বিয়ে হয়েছে ১৮ বছর পূর্ণ হওয়ার আগে। ১৫ বছর বয়সের আগেই বিয়ে হয়েছে ১৩ দশমিক ৪ শতাংশের। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও ইউনিসেফের ২০২৫ সালের মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভেতে (এমআইসিএস) এ তথ্য উঠে এসেছে।
বাল্যবিবাহ, অল্প বয়সে বিবাহ ও জোরপূর্বক বিবাহ নির্মূলের আন্তর্জাতিক দিবস প্রথমবারের মতো পালিত হচ্ছে ২৭ নভেম্বর। চলতি বছরের ৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ প্রতিবছর এ তারিখে দিবসটি পালনের প্রস্তাব গ্রহণ করে। বাল্যবিবাহ বন্ধে সচেতনতা ও কার্যকর উদ্যোগ বাড়ানো এবং মানবাধিকার সুরক্ষায় মনোযোগ দেওয়াই দিবসটির লক্ষ্য।
২০১৯ সালে ২০ থেকে ২৪ বছর বয়সী নারীদের মধ্যে ১৮ বছরের আগে বিয়ে হওয়া নারীর হার ছিল ৫১ দশমিক ৪ শতাংশ। ওই সময়ে ১৫ থেকে ১৯ বছর বয়সী বিবাহিত কিশোরীর হার ছিল ৩২ দশমিক ৯ শতাংশ; ২০২৫ সালে তা বেড়ে ৩৮ দশমিক ৯ শতাংশ হয়েছে।
দারিদ্র্য, সামাজিক কুসংস্কার, লিঙ্গবৈষম্য, নিরাপত্তাহীনতা, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ঝরে পড়া এবং জলবায়ু পরিবর্তনজনিত অর্থনৈতিক সংকটকে বাল্যবিবাহের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। অনেক পরিবার মেয়েদের বিয়েকে অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তার উপায় মনে করে। এর ফলে মেয়েদের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ কমে, অল্প বয়সে মাতৃত্বে মা ও শিশুর স্বাস্থ্যঝুঁকি বাড়ে এবং পারিবারিক সহিংসতা ও অর্থনৈতিক পরনির্ভরশীলতার ঝুঁকি তৈরি হয়।
বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী নারীর বিয়ের ন্যূনতম বয়স ১৮ এবং পুরুষের ২১ বছর। তবে আইনের ১৯ ধারায় বিশেষ পরিস্থিতিতে নির্ধারিত বয়সের আগে বিয়ের সুযোগ রয়েছে। সম্প্রতি জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) ও ইউনিসেফ যৌথভাবে ধারাটি বাতিল, নারী-পুরুষ উভয়ের ন্যূনতম বিয়ের বয়স ১৮ নির্ধারণ এবং বাল্যবিবাহের শিকার ব্যক্তির আবেদনে বিয়ে বাতিলের আইনি সুযোগ রাখার সুপারিশ করেছে। ২৪ নভেম্বর ঢাকায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় সুপারিশগুলো তুলে ধরা হয়।
টেকসই উন্নয়ন অভীষ্ট অনুযায়ী ২০৩০ সালের মধ্যে বাল্যবিবাহ ও জোরপূর্বক বিবাহ নির্মূলের লক্ষ্য রয়েছে। বাংলাদেশের লক্ষ্য ২০৪১ সালের মধ্যে বাল্যবিবাহ সম্পূর্ণ বন্ধ করা। ইউএনএফপিএর মতে, ২০৩০ সালের লক্ষ্য পূরণে দেশের অগ্রগতির গতি বর্তমানের তুলনায় ২০ গুণ বাড়াতে হবে। এ জন্য আইনের কার্যকর প্রয়োগ, মেয়েদের শিক্ষা নিশ্চিত করা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি জোরদার, অভিভাবকদের সচেতন করা এবং বিয়েতে স্বাধীন ও পূর্ণ সম্মতির অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
সূত্র: চ্যানেল আই অনলাইন
সম্পর্কিত আরও খবর

পর্তুগালের ভিসার জন্য ভারতে গিয়ে ৯ লাখ ৭০ হাজার টাকা খোয়ানোর দাবি, আটক ৬

টিকটকে পরিচয়ের পর ১৫ নারীর সঙ্গে প্রতারণার অভিযোগ চীনা নাগরিকের বিরুদ্ধে


