গাজীপুরে পরিস্থিতি স্বাভাবিক, বন্ধ ৯০ শতাংশ কারখানা

শ্রমিক অসন্তোষের পর শুক্রবার গাজীপুরের শিল্পাঞ্চলে যান চলাচল স্বাভাবিক ছিল। ছুটি ও সাম্প্রতিক পরিস্থিতির কারণে প্রায় ৯০ শতাংশ কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে।
শ্রমিকদের বিক্ষোভ ও অসন্তোষের পর শুক্রবার গাজীপুরের শিল্পাঞ্চলে পরিস্থিতি স্বাভাবিক ছিল। সড়কে যান চলাচল চলেছে স্বাভাবিক গতিতে। কোথাও বড় জমায়েত, বিক্ষোভ বা সড়ক অবরোধের খবর পাওয়া যায়নি।
শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, ছুটির দিন এবং সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের কারণে শিল্পাঞ্চলের প্রায় ৯০ শতাংশ কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। গত কয়েক দিনে অনেক কারখানায় অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা করা হয়; কিছু কারখানায় দেওয়া হয় সাধারণ ছুটি।
শুক্রবার সকালে কোনাবাড়ী, কাশিমপুর, কালিয়াকৈর, চন্দ্রা, নাওজোড় ও ভোগড়াসহ বিভিন্ন এলাকায় অধিকাংশ কারখানার ফটক বন্ধ দেখা গেছে। কয়েকটি কারখানার সামনে নিরাপত্তাকর্মীরা ছিলেন। কিছু কারখানায় শ্রমিকদের শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিতেও দেখা যায়।
সরকারের গঠিত মজুরি বোর্ড নতুন বেতন ঘোষণা করার পর গত দুই দিন গাজীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এ সময় বিক্ষোভ, সড়ক অবরোধ ও সংঘর্ষের পাশাপাশি শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।
শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, বিজিবি ও অন্যান্য বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। গুরুত্বপূর্ণ সড়ক, কারখানার সামনে ও বিভিন্ন মোড়ে তাঁরা দায়িত্ব পালন করেন।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, শুক্রবার সকাল ১০টা পর্যন্ত জেলার কোথাও বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। তাঁর দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, জেলার প্রায় ৯০ শতাংশ কারখানা বন্ধ ছিল।
সূত্র: প্রথম আলো



