ফরিদপুরে গ্রেপ্তার কাশিয়ানীর সাবেক ইউপি চেয়ারম্যান হারুন-অর-রশিদ

ফরিদপুরের কানাইপুরের পুরদিয়া গ্রাম থেকে গোপালগঞ্জের কাশিয়ানীর সাবেক ইউপি চেয়ারম্যান বি এম হারুন-অর-রশিদকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি। পরে তাঁকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে পাঠানো হয়।
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বি এম হারুন-অর-রশিদকে ফরিদপুর থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ৫২ বছর বয়সী হারুন কার্যক্রম নিষিদ্ধ রাতইল আওয়ামী লীগের সহসভাপতি।
বুধবার দিবাগত রাত ৩টার দিকে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের পুরদিয়া গ্রামের একটি বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ফরিদপুর জেলা ডিবির ইনচার্জ (ভাঙ্গা জোন) সুকান্ত দত্ত বৃহস্পতিবার বিকেল পৌনে চারটার দিকে এ তথ্য জানান। তিনি বলেন, হারুন-অর-রশিদকে ফরিদপুর ডিবি কার্যালয়ে রাখা হয়েছে।
হারুন-অর-রশিদের বাড়ি কাশিয়ানী উপজেলার রাতইল গ্রামে। তিনি কাশিয়ানী থানা কৃষক লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক সাধারণ সম্পাদকও ছিলেন।
গত ১৮ সেপ্টেম্বর রাতে কানাইপুরের কমিপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে বাস পোড়ানোর অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান জানান, বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে হারুন-অর-রশিদকে কারাগারে পাঠানো হয়েছে।
সূত্র: প্রথম আলো


