সখীপুরের চার সাংবাদিকের মুক্তিতে সাত দিনের সময় দিলেন সাংবাদিক নেতারা

টাঙ্গাইলে সমাবেশ করে সখীপুরে গ্রেপ্তার চার সাংবাদিকের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। সাত দিনের মধ্যে দাবি পূরণ না হলে জাতীয় প্রেসক্লাবের সামনে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দিয়েছেন নেতারা।
টাঙ্গাইলের সখীপুরে গ্রেপ্তার চার সাংবাদিকের নিঃশর্ত মুক্তি ও তাঁদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের ময়মনসিংহ বিভাগীয় ইউনিট এ কর্মসূচির আয়োজন করে।
সমাবেশ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সাত দিনের মধ্যে সাংবাদিকদের মুক্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয়। এ সময়ের মধ্যে দাবি পূরণ না হলে জাতীয় প্রেসক্লাবের সামনে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন নেতারা।
বক্তারা মামলাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং তাঁদের পেশাগত দায়িত্ব পালনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বাধাগ্রস্ত হয়—এমন কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয় বলেও তাঁরা উল্লেখ করেন। সাংবাদিক নির্যাতনের ঘটনায় কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানান তাঁরা।
সমাবেশে বক্তব্য দেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের চেয়ারম্যান খায়রুল আলম রফিক, বাংলাদেশ সম্পাদক প্রকাশক পরিষদের সাধারণ সম্পাদক মতিউর রহমান, সেলের পরিচালক মোহাম্মদ আলী আবির, কেন্দ্রীয় সদস্য জামাল উদ্দিন খান, ময়মনসিংহ জেলা সভাপতি ইয়াহিয়া আরিফ, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রাব্বি ও বিভাগীয় আহ্বায়ক বিল্লাল হোসেন মানিকসহ অন্যরা।
১৩ নভেম্বর সন্ধ্যায় সখীপুর উপজেলার দেওবাড়ি এলাকায় মাদক সেবনের ভিডিও ধারণ করে ফেরার পথে স্থানীয় লোকজন চার সাংবাদিককে পাঁচ ঘণ্টা আটকে রাখেন। রাত ১২টার দিকে পুলিশ তাঁদের উদ্ধার করে। পরদিন সকালে স্থানীয় এক বিএনপি নেতা তাঁদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন। পুলিশ তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
কারাবন্দী সাংবাদিকেরা হলেন এনটিভি অনলাইনের সখীপুর-কালিহাতী উপজেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক সুজন, তাঁর সহকারী ছানিম মিয়া, মানবকণ্ঠের সখীপুর প্রতিনিধি মোর্শেদ খান এবং সাপ্তাহিক সখীপুর বার্তার অনলাইন ইনচার্জ শেখ মনির।
সূত্র: আজকের পত্রিকা



