বাড্ডার মেরুলে চলন্ত বাসে আগুন, পুড়ে গেছে সব আসন

বাড্ডার মেরুলে আলিফ পরিবহনের চলন্ত বাসে আগুন দেওয়া হলে যাত্রীরা নিরাপদে নেমে যান। কেউ হতাহত হননি; বাসের সব আসন পুড়ে গেছে।
রাজধানীর বাড্ডার মেরুলে গতকাল বৃহস্পতিবার রাতে আলিফ পরিবহনের একটি চলন্ত বাসে আগুন দেওয়া হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হননি।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাসিরুল আমীন জানান, রাত ১০টার দিকে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সামনের সড়কে বাসটির পেছনের দিকে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। চালক বাস থামালে ১০ থেকে ১৫ জন যাত্রী দ্রুত নেমে নিরাপদে সরে যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। এর আগেই বাসটির সব আসন পুড়ে যায় বলে জানান ওসি।
ঘটনায় বাড্ডা থানায় মামলা করার প্রক্রিয়া চলছে। বাসে আগুন দেওয়া ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।
সূত্র: প্রথম আলো



