বাঘায় দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত, ট্রাক জব্দ

রাজশাহীর বাঘায় মুখোমুখি সংঘর্ষে নাসির উদ্দিন (৩৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাক দুটি জব্দ করেছে পুলিশ।
রাজশাহীর বাঘা উপজেলায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নাসির উদ্দিন (৩৫) নামে এক চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে বাঘা-ঈশ্বরদী আঞ্চলিক সড়কের চণ্ডীপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নাসির বাঘা উপজেলার বানিয়াপাড়া গ্রামের আব মজিদের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঈশ্বরদী থেকে কাঠের গুঁড়াবোঝাই ট্রাকটি বাঘার দিকে যাচ্ছিল। চণ্ডীপুর বাজারে বিপরীত দিক থেকে আসা রাজশাহীগামী আলুবোঝাই ট্রাকটির সঙ্গে সেটির সংঘর্ষ হয়। এতে দুই ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং কাঠের গুঁড়াবাহী ট্রাকের চালক গুরুতর আহত হন।
স্থানীয়রা নাসিরকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেরাজুল হক শুক্রবার সকালে জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাক দুটি জব্দ করা হয়েছে। আলুবোঝাই ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন। আইনি প্রক্রিয়া শেষে নাসিরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা করা হবে।
সূত্র: আজকের পত্রিকা




