জয়পুরহাটে পিস্তল-গুলিসহ ১৩ মামলার আসামি গ্রেপ্তার

জয়পুরহাট সদর উপজেলার দাদরা দুধিয়াপাড়া থেকে রনজু সরকারকে গ্রেপ্তার করেছে এসআরবি। তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, গুলি ও পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
জয়পুরহাট সদর উপজেলার দাদরা দুধিয়াপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে ১৩ মামলার আসামি রনজু সরকারকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এসআরবি-৫, সিপিসি-৩ (জয়পুরহাট) ক্যাম্পের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার রনজু ওই এলাকার মিন্টু সরকারের ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় এসআরবির একটি দল দাদরা দুধিয়াপাড়া গ্রামে অভিযান চালায়। রনজুর কাছ থেকে আমেরিকায় তৈরি একটি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি তাজা গুলি, একটি গুলির খোসা ও পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, রনজুর বিরুদ্ধে বিভিন্ন থানায় আগ্নেয়াস্ত্র, বিস্ফোরকদ্রব্য, ডাকাতি, অপহরণ ও চাঁদাবাজি, দ্রুত বিচার আইন, বিশেষ ক্ষমতা আইন এবং সন্ত্রাসবিরোধী আইনে ১৩টি মামলা রয়েছে।
রনজু ও জব্দ করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সূত্র: আজকের পত্রিকা




