উজিরপুরে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ

বরিশালের উজিরপুরে শুক্রবার ভোরে মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ করেন। জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
বরিশালের উজিরপুরে গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে পেট্রলবোমা হামলা হয়েছে। শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে বামরাইল ইউনিয়নের সানুহার বাসস্ট্যান্ডসংলগ্ন কার্যালয়ে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি ব্যাংক কার্যালয়ের সামনে থেমে কাচের বোতলে তৈরি তিনটি পেট্রলবোমা সিঁড়িতে নিক্ষেপ করেন। বিস্ফোরণের পর আশপাশের লোকজন বেরিয়ে আসার আগেই তাঁরা মোটরসাইকেলে পালিয়ে যান।
উজিরপুর উপজেলা যুবদলের সভাপতি মো. আজাদ বলেন, ভোর সাড়ে চারটার দিকে মহাসড়কের উত্তর দিক থেকে এসে দুর্বৃত্তরা কার্যালয়ের সিঁড়িতে পেট্রলবোমার বিস্ফোরণ ঘটিয়ে দক্ষিণ দিকে পালিয়ে যায়। স্থানীয় বাজারের ব্যবসায়ী মো. সেলিমও একই তথ্য জানিয়েছেন।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। উপজেলার গ্রামীণ ব্যাংকের অন্য শাখা ও কার্যালয়ের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সূত্র: আজকের পত্রিকা



