মতলব উত্তরে অবৈধ বালু উত্তোলন, দুই ড্রেজারসহ আটক ৫

চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদী থেকে বালু উত্তোলনের সময় দুটি ড্রেজারসহ পাঁচজনকে আটক করেছে নৌ পুলিশ। তাঁদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা হয়েছে।
চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীতে অবৈধভাবে বালু তোলার অভিযোগে পাঁচজনকে আটক করেছে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে নাছিরাকান্দি এলাকায় অভিযান চালিয়ে দুটি বালু উত্তোলনের ড্রেজারও জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মতলব উত্তর উপজেলার দশানী গ্রামের নুরুল হক সৈয়ালের ছেলে মোহন সৈয়াল (৫৫), একই এলাকার মৃত আবুল হাশেমের ছেলে আতাউর রহমান শিমুল (৪২), গজারিয়া উপজেলার গোমালগাঁও গ্রামের ইসমাইল মিয়ার ছেলে ফরিদ উদ্দিন (৪১), খুলনার খানজাহান আলী উপজেলার আটরা গ্রামের খলিলুর রহমান কালা খানের ছেলে সাখাওয়াত খান (৫৫) এবং রূপসা উপজেলার সিংহারচর গ্রামের মৃত আতিয়া রহমান ঢালীর ছেলে আসলাম ঢালী (৪৫)।
মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রুহুল আমিন জানান, গোপন তথ্যের ভিত্তিতে ও নিয়মিত টহলের সময় নাছিরাকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়েছে। মেঘনায় অবৈধ বালু উত্তোলন বন্ধে নৌ পুলিশের টহল ও অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
রুহুল আমিন আরও বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নিয়মিত মামলা করা হয়েছে। নদীর পরিবেশ ও নৌপথের নিরাপত্তা রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চলবে।
সূত্র: আজকের পত্রিকা



