১৩ মামলার আসামি ইসমাইল গ্রেপ্তার, পাঁচ মামলায় পরোয়ানা

চট্টগ্রাম নগরের মোহরা কাজীরহাট থেকে ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে চুরি-ছিনতাইসহ ১৩টি মামলা রয়েছে, পাঁচটিতে গ্রেপ্তারি পরোয়ানা।
চুরি-ছিনতাইসহ ১৩টি মামলার আসামি মো. ইসমাইল হোসেনকে চট্টগ্রাম নগরের মোহরা কাজীরহাট এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রনি নামে পরিচিত ইসমাইলের বিরুদ্ধে পাঁচটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ইসমাইলকে ধরতে পুলিশ চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ইসমাইলের বাড়ি হাটহাজারী উপজেলার বুড়িশ্চর ইউনিয়নের মধ্যমপুরীচর এলাকায়। তিনি ওই এলাকার মো. মাসুদুর রহমানের ছেলে।
তাঁর বিরুদ্ধে চুরি, ছিনতাই, ডাকাতির প্রস্তুতি, বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাসবিরোধী আইন ও অস্ত্র আইনে মামলা রয়েছে।
সূত্র: প্রথম আলো



