জয়পুরহাটে পুকুর থেকে ৪২ কেজির দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

জয়পুরহাটের পূর্ব উচনা গ্রামের একটি পুকুর থেকে ৪২ কেজি ওজনের দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বিজিবি। মূর্তিগুলোর আনুমানিক বাজারমূল্য ৪২ লাখ টাকা।
জয়পুরহাটের সীমান্তবর্তী পূর্ব উচনা গ্রামের একটি পুকুর থেকে ৪২ কেজি ওজনের দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মূর্তি দুটির আনুমানিক বাজারমূল্য ৪২ লাখ টাকা।
শুক্রবার (২৬ নভেম্বর) ভোররাতে ২০ বিজিবির অধীন হাটখোলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে মূর্তি দুটি উদ্ধার করা হয়। সকাল সাড়ে ৯টার দিকে ২০ বিজিবি, জয়পুরহাটের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তের ২৮১/২৫-এস নম্বর মূল পিলার থেকে প্রায় ২৩০ গজ বাংলাদেশের ভেতরে একটি পুকুরে মূর্তি লুকিয়ে রাখার খবর পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, চোরাচালান চক্রের সদস্যরা রাতের আঁধারে ভারতে পাচারের উদ্দেশ্যে সেগুলো সেখানে রেখেছিল।
পরে বিজিবির দুটি টহল দল পুকুরে তল্লাশি চালায়। পানির নিচে বাঁশের খুঁটির সঙ্গে বিশেষ চিহ্ন দিয়ে পাশাপাশি রাখা অবস্থায় মূর্তি দুটি পাওয়া যায়। একটির ওজন ২৫ কেজি, অন্যটির ১৭ কেজি।
প্রত্নতাত্ত্বিক নিদর্শন দুটি নওগাঁর বদলগাছীর পাহাড়পুর বৌদ্ধবিহারে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা করার প্রস্তুতি চলছে।
সূত্র: চ্যানেল আই অনলাইন
সম্পর্কিত আরও খবর

টুঙ্গিপাড়ায় বিজিবির টহলদলে হামলার মামলায় আসামি ৫ হাজার

ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

