টুঙ্গিপাড়ায় বিজিবির টহলদলে হামলার মামলায় আসামি ৫ হাজার

টুঙ্গিপাড়ায় বিজিবির টহলদলে হামলা, গাড়িতে আগুন ও সরঞ্জাম লুটের অভিযোগে মামলা হয়েছে। নিষিদ্ধ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লাকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা পাঁচ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিজিবির টহলদলের ওপর হামলা, সরকারি যানবাহনে আগুন এবং সরঞ্জাম লুটের অভিযোগে করা মামলায় নিষিদ্ধ গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লাকে প্রধান আসামি করা হয়েছে। এজাহারে আটজনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা আরও পাঁচ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে।
গত ২৩ নভেম্বর বিজিবির খুলনা সেক্টর সদর দপ্তরের নায়েব সুবেদার মো. শওকত আলী টুঙ্গিপাড়া থানায় মামলাটি করেন। গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু বিষয়টি নিশ্চিত করেছেন।
এজাহারে নাম থাকা অন্য আসামিদের মধ্যে রয়েছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়াল, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবুল হোসেন খোকন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শামছুল হক, সহসভাপতি রিপন শেখ এবং যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন বিশ্বাস ওরফে কালু।
মামলার বর্ণনা অনুযায়ী, ১৭ নভেম্বর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেসামরিক প্রশাসনকে সহায়তার অংশ হিসেবে পুলিশ, আনসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিহাব ইমামের সঙ্গে টহলে ছিল বিজিবি। টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পেয়ে সেখানে যাওয়ার পথে নিলফা বাজারে সড়কে গাছ ফেলে টহলদলের পথ আটকানো হয়। এজাহারে বলা হয়েছে, সরে যেতে অনুরোধ করার পর দেশীয় অস্ত্র নিয়ে বিজিবি সদস্যদের ওপর হামলা হয় এবং ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
এজাহারে আরও বলা হয়েছে, হামলায় বিজিবির একটি পাজেরো জিপ ও একটি এপিসি কোবরা পুড়ে যায়। জিপে থাকা ৯০ রাউন্ড গুলিসহ তিনটি এসএমজির ম্যাগাজিনও নষ্ট হয়। আরেকটি এপিসির টায়ার, ফগ লাইট ও পিকআপের উইন্ডশিল্ড ক্ষতিগ্রস্ত হয়। বিজিবির একটি সরকারি এইচপি ল্যাপটপ, ওয়াকিটকি সেট, ব্যাটারি ও চার্জার লুটের কথাও মামলায় উল্লেখ করা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৬ কোটি ৫১ লাখ টাকা।
হামলায় বিজিবির নায়েক মো. মনির হোসেন, আসাদুজ্জামান, ফারুক হোসেন ও সহকারী পরিচালক মো. সাইফিয়ার রহমান গুরুতর আহত হন বলে এজাহারে উল্লেখ রয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন সেন্টু জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
সূত্র: আজকের পত্রিকা
সম্পর্কিত আরও খবর

ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

সামুদ্রিক নিরাপত্তায় সহযোগিতা নিয়ে বাংলাদেশ-ইতালি কোস্ট গার্ডের আলোচনা



