ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ছয় জেলায় বিজিবির ১১৩ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। গোপালগঞ্জে রয়েছেন ৫৬ প্লাটুন; আরও চার প্লাটুন প্রস্তুত রাখা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে রাজধানী ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৮ প্লাটুন, নারায়ণগঞ্জে ৭, গাজীপুরে ১৮, গোপালগঞ্জে ৫৬, চট্টগ্রামে ৩ এবং কক্সবাজারে ৭ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন। গোপালগঞ্জে সবচেয়ে বেশি সদস্য মোতায়েন করা হয়েছে। সেখানে আরও চার প্লাটুন প্রস্তুত রাখা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় মোতায়েন করা বিজিবি সদস্যরা জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পাঞ্চলসহ বিভিন্ন এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে।
মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিরাপত্তা কার্যক্রম সমন্বয়ে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল প্রযুক্তিনির্ভর নজরদারি চালাচ্ছে। এতে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য আধুনিক প্রযুক্তি ব্যবহার হচ্ছে; সরাসরি ভিডিও চিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিজিবি জানিয়েছে, সীমান্তে নিয়মিত দায়িত্বের পাশাপাশি অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায়ও সদস্যরা কাজ করছেন। জনসাধারণের জানমালের নিরাপত্তা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
সূত্র: চ্যানেল আই অনলাইন
সম্পর্কিত আরও খবর

সামুদ্রিক নিরাপত্তায় সহযোগিতা নিয়ে বাংলাদেশ-ইতালি কোস্ট গার্ডের আলোচনা

মিয়ানমার থেকে ফিরলেন আরাকান আর্মির হাতে আটক ৪১ জেলে


