বক্তাবলীতে ইটভাটার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, আহত ২০; আটক ৫

নারায়ণগঞ্জের বক্তাবলীতে আধিপত্য ও ইটভাটার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। পুলিশ দুই পক্ষের পাঁচজনকে আটক করে শতাধিক টেঁটা উদ্ধার করেছে।
নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে ইটভাটার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত আকবরনগর ও উত্তর গোপালনগর এলাকায় কয়েক দফায় সংঘর্ষ হয়।
আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সংঘর্ষে শর্টগানের গুলি ও টেঁটার আঘাতে তাঁরা আহত হন।
স্থানীয় সূত্রের ভাষ্য, ইটভাটার নিয়ন্ত্রণ, মাটি বিক্রি, শ্রমিক সরবরাহসহ বিভিন্ন কাজের কমিশন নিয়ে বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক হাজী সামাদ আলী ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ধলেশ্বরী নদীর পশ্চিম তীরের ইটভাটাগুলোর নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনার মধ্যে শুক্রবার সকালে সংঘর্ষ বাধে।
ফতুল্লা মডেল থানার অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) শামীম হোসেন জানান, ঘটনায় দুই পক্ষের পাঁচজনকে আটক করা হয়েছে। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ শতাধিক টেঁটা উদ্ধার করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে জানিয়ে তিনি বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সূত্র: চ্যানেল আই অনলাইন



