বেনাপোলে শ্রমিক নেতার ওপর ককটেল নিক্ষেপ, বিএনপির আটজনের বিরুদ্ধে মামলা

হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি তবিবুর রহমানের করা মামলায় আটজনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।
যশোরের বেনাপোলে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি তবিবুর রহমান ও তাঁর এক সঙ্গীর ওপর ককটেল হামলার অভিযোগে মামলা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) রাতে বেনাপোল পোর্ট থানায় করা মামলায় পৌর বিএনপির আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।
মামলার বাদী তবিবুর রহমান বেনাপোল পৌর বিএনপির শ্রমবিষয়ক সম্পাদকও। এজাহার অনুযায়ী, পূর্ববিরোধের জেরে ২৪ নভেম্বর দিবাগত রাত ১২টা ২৫ মিনিটে ছোট আঁচড়া গ্রামের বাড়িতে ফিরছিলেন তিনি ও তাঁর সঙ্গী মো. লুকমান হোসেন (৫০)। রাত ১২টা ৩৭ মিনিটের দিকে বাড়ির কাছে পৌঁছালে তাঁদের লক্ষ্য করে দুটি ককটেল ছোড়া হয়।
এজাহারে বলা হয়েছে, ককটেল দুটির একটি বিস্ফোরিত হলে এর স্প্লিন্টারে তবিবুরের ডান পা এবং লুকমানের বাম পায়ের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।
মামলার আসামিরা হলেন আশা (৩০), বাবু (৩৫), চয়ন (২৭), ইব্রাহিম (৪০), ইসরাফিল (৫৫), জামশের আলী (৬০), বকুল (৩৫) ও আবদুল আহাদ (৬০)। তাঁদের মধ্যে আবদুল আহাদ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার সাবেক কাউন্সিলর। ইসরাফিল সরদার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী বাবুল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে একটি অবিস্ফোরিত ককটেল ও বিস্ফোরিত ককটেলের অংশ উদ্ধার করেছে। পরে নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপারও ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সূত্র: আজকের পত্রিকা



