রিজার্ভ চুরির মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ১০০তমবার পেছাল

সিআইডি প্রতিবেদন জমা দিতে না পারায় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৩০ ডিসেম্বর নির্ধারণ করেছেন আদালত।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় আবার বাড়ানো হয়েছে। আদালত এ নিয়ে ১০০তমবারের মতো প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছেন।
বুধবার প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য ছিল। তবে মামলার তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তা জমা দিতে পারেনি। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম আগামী ৩০ ডিসেম্বর প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) রুকনুজ্জামান এ তথ্য জানান।
২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে সাইবার হামলায় ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি হয়। তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা, দেশের ভেতরের একটি চক্রের সহায়তায় অর্থটি চুরি করা হয়েছিল।
ঘটনার পর ওই বছরের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের তৎকালীন উপপরিচালক জোবায়ের বিন হুদা মতিঝিল থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করেন। পরদিন আদালত মামলাটির তদন্তভার সিআইডিকে দেন। এরপর থেকে সংস্থাটি তদন্ত করছে।
সূত্র: প্রথম আলো




