গুম-খুনের তথ্য নিতে প্রতি সপ্তাহে জেলায় গণশুনানি করবে ট্রাইব্যুনাল

২০০৯ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত গুম, খুন ও অন্যান্য মানবতাবিরোধী অপরাধের তথ্য সংগ্রহে দেশজুড়ে গণশুনানির উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।
২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত গুম, খুন, অপহরণ, বিচারবহির্ভূত হত্যা ও অন্যান্য মানবতাবিরোধী অপরাধের তথ্য সংগ্রহে প্রতি সপ্তাহে দেশের কোনো একটি জেলায় গণশুনানি করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। বুধবার সংবাদ সম্মেলনে এ পরিকল্পনার কথা জানান চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
তিনি জানান, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন যৌথভাবে কর্মসূচি পরিচালনা করবে। এতে সব রাজনৈতিক দলের প্রতিনিধি এবং নির্যাতিত রাজনৈতিক দল ও সংগঠন অংশ নিতে পারবে। এ উদ্যোগে সরকারের সহযোগিতার আশ্বাসও পাওয়া গেছে।
তথ্য ও সহযোগিতা চেয়ে বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি সংস্থা, মন্ত্রণালয় ও দপ্তর, নির্যাতিত ব্যক্তি এবং নিহত-আহতদের পরিবারের কাছে চিঠি পাঠানো শুরু হয়েছে। কোনো ঘটনার মামলা থাকলে তার নথি পর্যালোচনা করা হবে; মামলা না থাকলে ভুক্তভোগী পরিবারকে শনাক্ত করে তাদের কাছ থেকে তথ্য নেওয়া হবে।
ট্রাইব্যুনালে বিচারযোগ্য অপরাধের তথ্য মিললে তদন্ত সংস্থার মাধ্যমে তদন্ত করে বিচারের ব্যবস্থা করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর। যশোর থেকে কর্মসূচি শুরুর পরিকল্পনা ছিল ২৬ নভেম্বর। তবে ২৮ নভেম্বর জেলা আইনজীবী সমিতির নির্বাচন থাকায় তারিখ বদলাতে পারে। সে ক্ষেত্রে অন্য জেলা থেকে শুরু হবে; আগামী সপ্তাহ থেকে কোনো না কোনো জেলায় কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে।
আমিনুল ইসলাম বলেন, ওই সময়ের মধ্যে ক্রসফায়ার, গুম, বলপূর্বক গুম ও বিচারবহির্ভূত হত্যার বহু অভিযোগ ও মামলা রয়েছে। অনেক পরিবার এখনো মামলা করেনি, আবার অভিযুক্তদের কেউ কেউ প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন বলে ভুক্তভোগী পরিবার থেকে তথ্য পাওয়া গেছে। এসব অপরাধের বিচার নিশ্চিত করা এবং ভবিষ্যতে এমন অপরাধ ঠেকাতে গণশুনানির উদ্যোগ নেওয়া হয়েছে।
বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিএনপি নেতা ইলিয়াস আলী এবং গুমের শিকার আরও ২৮০ জনের বিষয়ে তদন্তের অগ্রগতি জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, তদন্ত শেষ করে শিগগিরই প্রতিবেদন জমা দেবে তদন্ত সংস্থা। গণশুনানির বৈধতা প্রসঙ্গে তিনি বলেন, প্রসিকিউশনের তদন্ত ও অভিযোগ দাখিলের ক্ষমতা রয়েছে; ট্রাইব্যুনালের তদন্ত সংস্থাও তদন্ত করতে পারে। তাই কর্মসূচিটির আইনগত ভিত্তি রয়েছে।
সূত্র: চ্যানেল আই অনলাইন




