মোতালিব হত্যা মামলায় সাঈদ খোকনের আরও পাঁচ দিনের রিমান্ড

ধানমন্ডিতে কিশোর আব্দুল মোতালিব হত্যা মামলায় সাবেক মেয়র সাঈদ খোকনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে সাত দিনের রিমান্ডে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।
২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় কিশোর আব্দুল মোতালিব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে আরও পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল এ আদেশ দেন।
সাত দিনের রিমান্ড শেষে সাঈদ খোকনকে আদালতে হাজির করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পরিদর্শক মো. সুজন হক তাঁকে আরও সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ এ তথ্য নিশ্চিত করেন।
ধানমন্ডি থানায় করা মামলাটিতে ১৭ নভেম্বর সাঈদ খোকনকে প্রথমে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। ওই দিন সকাল ৭টার দিকে গুলশান-বারিধারা এলাকার ৯ নম্বর রোডের ১৩ নম্বর বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১) একটি দল। পরে তাঁকে গুলশান থানা-পুলিশের হেফাজত থেকে ডিবির কাছে হস্তান্তর করা হয়।
মামলার অভিযোগপত্র অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট ধানমন্ডিতে ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেওয়া ১৪ বছর বয়সী আব্দুল মোতালিব বিকেলে গুলিবিদ্ধ হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই বছরের ২৬ আগস্ট তার বাবা আব্দুল মতিন ধানমন্ডি থানায় হত্যা মামলাটি করেন। এতে শেখ হাসিনাসহ ১৭৬ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়।
নতুন রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, আগের দফায় জিজ্ঞাসাবাদে মামলার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা যাচাই করা হচ্ছে। আবেদনে আরও অভিযোগ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে সাঈদ খোকন কঠোর পদক্ষেপ নিয়েছিলেন এবং তাঁর নির্দেশে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা হামলা চালান; তিনি অর্থ ও অস্ত্রের জোগান দেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থ দেওয়ার অভিযোগও আবেদনে রয়েছে। এসব বিষয়ে তথ্য উদ্ধারে তাঁকে আবার জিজ্ঞাসাবাদের প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।
সাঈদ খোকন অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত মোহাম্মদ হানিফের ছেলে। ২০১৫ সালে তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। পরে আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়ায় পরবর্তী মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটির মনোনয়নে ঢাকা-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
জুলাই গণ-অভ্যুত্থানের পর ২০২৪ সালের ২৩ ডিসেম্বর আদালত সাঈদ খোকন ও তাঁর পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাঁর পরিবারের আট সদস্যসহ সাঈদ খোকনের ব্যাংক হিসাবও অবরুদ্ধ করা হয়।
সূত্র: আজকের পত্রিকা



