জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনের বেশি মানুষ হত্যার অভিযোগ: চিফ প্রসিকিউটর

সাক্ষীদের জবানবন্দিতে ১৫০ থেকে ২০০ জনকে হত্যার অভিযোগ উঠে এসেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তাঁদের মধ্যে প্রায় ১১৫ জনকে শনাক্ত করা গেছে।
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে ১৫০ থেকে ২০০ জনকে হত্যার অভিযোগ উঠেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তাঁর ভাষ্য, সাক্ষীদের বর্ণনায় তাঁদের মধ্যে ১১৫ জনের বেশি মানুষকে শনাক্ত করা সম্ভব হয়েছে।
শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শেষে মঙ্গলবার (২৪ নভেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন চিফ প্রসিকিউটর।
আমিনুল ইসলাম বলেন, সামরিক কর্মকর্তাসহ সাক্ষীরা জিয়াউল আহসানের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিস্তারিত বিবরণ দিয়েছেন। তাঁদের জবানবন্দি অনুযায়ী, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের আশ্রয়-প্রশ্রয়ে তিনি এসব অপরাধ করেছেন বলে অভিযোগ রয়েছে।
চিফ প্রসিকিউটরের ভাষ্য, সাক্ষীরা বলেছেন, তৎকালীন সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়াও জিয়াউল আহসানকে নিয়ন্ত্রণ করতে পারতেন না। মেজর সাব্বির ও মেজর দেলোয়ার হোসেনসহ অন্য সামরিক কর্মকর্তারাও তাঁর কর্মকাণ্ডের বিষয়ে সাক্ষ্য দিয়েছেন।
আমিনুল ইসলাম আরও বলেন, অভিযোগ থাকা সত্ত্বেও জিয়াউল আহসান একাধিকবার পদোন্নতি পেয়ে মেজর জেনারেল হন এবং দীর্ঘদিন র্যাবে দায়িত্ব পালন করেন। সাক্ষীদের বক্তব্যে শেখ হাসিনার চাহিদা অনুযায়ী বিরোধী রাজনৈতিক দল ও মতের লোকজনকে দমন-পীড়নে তাঁর ভূমিকার অভিযোগও উঠে এসেছে।
সূত্র: চ্যানেল আই অনলাইন



