সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তিন উপসচিব

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তিন উপসচিবকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার দায়িত্ব দিয়েছে সরকার। ২৩ নভেম্বর জারি করা প্রজ্ঞাপনে এ ক্ষমতা দেওয়া হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত বিসিএস প্রশাসন ক্যাডারের তিন উপসচিবকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে বাংলাদেশ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার দায়িত্ব দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় ২৩ নভেম্বর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা হলেন উপসচিব মো. তোফায়েল হোসেন (পরিচিতি নম্বর ১৬২৯৪), কাজী আরিফুর রহমান (পরিচিতি নম্বর ১৬৯০৫) এবং মোছা. ফুয়ারা খাতুন (পরিচিতি নম্বর ১৬৯২০)। জনস্বার্থে জারি করা আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১০(৫) ধারা অনুযায়ী তাঁদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা এবং মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর ৪ ধারা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষমতা দেওয়া হয়েছে।
মো. তোফায়েল হোসেন দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮, ২৯০ ও ২৯১ ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করতে পারবেন। কাজী আরিফুর রহমান ও মোছা. ফুয়ারা খাতুনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯; বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫; ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ এবং সড়ক পরিবহন আইন, ২০১৮-এর নির্ধারিত ধারায় এ ক্ষমতা দেওয়া হয়েছে।
কর্মকর্তারা সচিবালয়ে কর্মরত থাকাকালে এ ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। মোবাইল কোর্ট পরিচালনার আগে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটকে জানাতে হবে। জেলা ম্যাজিস্ট্রেট প্রয়োজনে তাঁর অধিক্ষেত্রে অন্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের ক্ষমতাপ্রাপ্ত আইনে পরিচালিত মোবাইল কোর্টের সঙ্গে সমন্বয় করতে পারবেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, মোবাইল কোর্ট পরিচালনার বিবরণ নির্ধারিত ছকে সংশ্লিষ্ট মাসের শেষ কর্মদিবসে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম। এটি রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা হয়েছে।
সূত্র: চ্যানেল আই অনলাইন




