ধানমন্ডির বিস্ফোরক মামলায় আইনজীবী রবিউল আলম বুদুকে কারাগারে পাঠানোর নির্দেশ

ধানমন্ডির বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী রবিউল আলম বুদুকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার রাতে বাসা থেকে তাঁকে আটক করা হয়।
ধানমন্ডির বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী রবিউল আলম বুদুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল এ আদেশ দেন।
সন্ধ্যার পর ধানমন্ডি মডেল থানা-পুলিশ তাঁকে আদালতে হাজির করে। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মাহবুব উল আলম তাঁকে কারাগারে পাঠানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার রাত ১২টার দিকে ধানমন্ডির বাসা থেকে রবিউল আলম বুদুকে আটক করা হয়। পরে তাঁকে মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
মামলার এজাহার অনুযায়ী, ৯ নভেম্বর রাত ২টা ১০ মিনিটে ধানমন্ডি মডেল থানার ৭/এ সড়কে কেএফসি রেস্তোরাঁর সামনে ১৫ থেকে ২০ জন দুষ্কৃতকারী ককটেল নিয়ে অবস্থান করছে বলে গোপন খবর পায় পুলিশ। পুলিশ সেখানে গেলে তারা পালানোর চেষ্টা করে এবং একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়।
পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করে। পরে বিস্ফোরক দ্রব্য আইনে ধানমন্ডি মডেল থানায় মামলা করা হয়।
তদন্ত কর্মকর্তার কারাগারে পাঠানোর আবেদনে বলা হয়, রবিউল আলম বুদুসহ অজ্ঞাতনামা আসামিদের ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদে তিনি জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে আবেদনে উল্লেখ করা হয়। তাঁর দেওয়া তথ্য ও পরিচয় যাচাই করা হচ্ছে এবং তদন্তের স্বার্থে তাঁকে কারাগারে রাখা প্রয়োজন বলে আবেদন করা হয়।
সূত্র: আজকের পত্রিকা




