হাসিনার প্রত্যর্পণ নিয়ে আলোচনা হবে ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা

শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে তাঁকে প্রত্যর্পণে আইনি বাধা নেই বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। কীভাবে তাঁকে ফেরানো হবে, তা নিয়ে ভারতের সঙ্গে আলোচনা হবে।
শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে তাঁকে প্রত্যর্পণে কোনো আইনি বাধা নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। এ বিষয়ে হাসিনার সঙ্গে সরকারের আলোচনা হবে না; আলোচনা হবে ভারতের সঙ্গে।
মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরতে চান এবং বাংলাদেশ তাঁকে প্রত্যর্পণ করতে চাইছে—দুই বিষয় মিলে গেছে। তিনি কীভাবে ফিরবেন, সে বিষয়েও ভারতের সঙ্গে কথা বলতে হবে বলে জানান উপদেষ্টা।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ভারতে থাকা শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন তাঁর মুখপাত্র। দিল্লি থেকে ফেরার জন্য রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজ পাঠানোর আহ্বানও জানান তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়। তাঁর ভাষ্য, তাঁকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনতে হবে এবং বিচারের মুখোমুখি করতে হবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে তাৎক্ষণিক গ্রেপ্তার করা হবে। মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত ব্যক্তিদের প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনার বিষয়ে বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ রয়েছে বলেও জানান তিনি।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম রাষ্ট্রীয় উড়োজাহাজ পাঠানোর আহ্বানকে ‘হাস্যকর ঘটনা’ বলে মন্তব্য করেন। মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামির এমন দাবি গ্রহণযোগ্য নয় বলে জানান তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, রাষ্ট্রীয় বিমান চেয়ে পাঠানোর বক্তব্য তাঁর কাছে বোধগম্য নয়। আইনকে সম্মান করলে আত্মসমর্পণ করে বিচারপ্রক্রিয়ার মুখোমুখি হতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
সূত্র: প্রথম আলো




