রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক

আইসিজের রায়ের পর যুক্তরাজ্যের অনুরোধে বুধবার রোহিঙ্গা গণহত্যা নিয়ে বৈঠক করবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। একই বিষয়ে ডিসেম্বরে আরেকটি বৈঠক আয়োজনের আহ্বানও জানিয়েছে যুক্তরাজ্য।
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা সংঘটনের বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর বুধবার জরুরি বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। যুক্তরাজ্যের অনুরোধে বৈঠকটি ডাকা হয়েছে। মঙ্গলবার রাতে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে যুক্তরাজ্যের স্থায়ী মিশন তাদের এক্স হ্যান্ডলে এ তথ্য জানায়।
মিশনের পোস্টে বলা হয়েছে, একই বিষয়ে আগামী ডিসেম্বরে নিরাপত্তা পরিষদের আরেকটি বৈঠক আয়োজনেরও আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য। রোহিঙ্গাদের জন্য জবাবদিহি নিশ্চিত করা এবং চলমান মানবিক সংকট শেষ করতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখার কথা জানিয়েছে দেশটি।
গাম্বিয়ার করা মামলায় ১৯ নভেম্বর দেওয়া রায়ে আইসিজে বলেছে, ২০১৭ সালে রাখাইন রাজ্যে সামরিক অভিযানের সময় মিয়ানমার রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে এবং ১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশন লঙ্ঘন করেছে।
যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে রায়ের পর মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। গত ১৯ ডিসেম্বর আইসিজের রায় ঘোষণার পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড হাউস অব কমন্সে রোহিঙ্গাদের ওপর সংঘটিত নৃশংসতাকে আনুষ্ঠানিকভাবে ‘জেনোসাইড’ হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন।
আইসিজের রায়ের পর মিয়ানমারের পাঁচ শীর্ষ সামরিক কর্মকর্তার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা এবং তাদের সম্পদ জব্দের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। বেসামরিক নাগরিকদের ওপর বিমান হামলা বন্ধে মিয়ানমারে বিমানের জ্বালানি সরবরাহ ও রপ্তানি নিষিদ্ধ করতে নতুন আইন প্রণয়নের উদ্যোগও নিয়েছে দেশটি। গত সপ্তাহে লন্ডন থেকে মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কার করা হয়েছে।
সূত্র: প্রথম আলো




