কিশোরগঞ্জে হোটেল কর্মচারী হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

জয়নাল আবেদীন হত্যা মামলায় শাহজাহান সাজু, শফিকুল ইসলাম রতন ও আবু তাহেরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
কিশোরগঞ্জে হোটেল কর্মচারী জয়নাল আবেদীন হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁদের প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
বুধবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১-এর বিচারক মোহাম্মদ জহির উদ্দিন এ রায় দেন। দণ্ডিত ব্যক্তিরা হলেন শাহজাহান সাজু, শফিকুল ইসলাম রতন ও আবু তাহের। তাঁরা এবং নিহত জয়নাল কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল নয়াপাড়া এলাকার বাসিন্দা।
কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর রহম আলী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার অনুযায়ী, ২০০৮ সালের ১১ জানুয়ারি কিশোরগঞ্জ শহরের বটতলা এলাকার কোহিনুর হোটেলে কাজ করছিলেন জয়নাল। সন্ধ্যা ৭টার দিকে সেখানে যান সাজু, রতন ও আবু তাহের। চা-পুরি খাওয়ানোর কথা বলে তাঁরা জয়নালকে হোটেল থেকে ডেকে নিয়ে যান। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন গাইটাল নয়াপাড়া মাটিকাটা এলাকার মাঝখান থেকে তাঁর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।
প্রথমে টাকাপয়সার বিরোধের অভিযোগে নিহতের স্ত্রী একই গ্রামের মানিকসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেন। পুলিশ মানিক ভূঞা ও জামিল উদ্দিনকে গ্রেপ্তার করেছিল। পরে মামলার তদন্ত সিআইডিতে গেলে তদন্তে তাঁদের সম্পৃক্ততা পাওয়া যায়নি; তাঁদের বাদ দিয়ে সাজু, রতন ও আবু তাহেরের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় সিআইডি। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত বুধবার রায় ঘোষণা করেন।
সূত্র: আজকের পত্রিকা




