দেশে ফিরলে শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে: শামা ওবায়েদ

শেখ হাসিনাকে দেশে ফেরাতে কোনো পরিবহন পাঠানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।
বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরাতে কোনো বিমান, হেলিকপ্টার, বাস বা অন্য পরিবহন পাঠানোর পরিকল্পনা সরকারের নেই। এ বিষয়ে সরকারের সঙ্গে পরিবহন পাঠানো নিয়ে কোনো আলোচনাও হয়নি। ভারত-বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের ৮৪টি বিদেশি মিশনের যেকোনো একটিতে শেখ হাসিনা গেলে তাঁকে গ্রেপ্তার করা হবে। দেশে ফিরলে আইন অনুযায়ী তাঁকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে; এ ক্ষেত্রে আইনের ব্যত্যয় হবে না।
এর আগে মঙ্গলবার শেখ হাসিনার এক মুখপাত্রের বরাতে বলা হয়, ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান তিনি এবং এ জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। এ প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, বিদেশে থাকা দণ্ডপ্রাপ্ত আসামিদের বিষয়ে বাংলাদেশের আইন ও সরকারের অবস্থান অভিন্ন।
জুলাই-আগস্টের হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধে সাজাপ্রাপ্ত যাঁরা ভারতসহ অন্য দেশে রয়েছেন, তাঁদের দেশে ফেরাতে প্রত্যর্পণ চুক্তির আওতায় কূটনৈতিক তৎপরতা চলছে বলেও জানান প্রতিমন্ত্রী। শেখ হাসিনার ১৬ বা ১৭ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণাকে তিনি রাজনৈতিক স্টান্ট বলে অভিহিত করেন। তাঁর ভাষ্য, শেখ হাসিনা ফিরলে গ্রেপ্তার হবেন এবং পরবর্তী আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে।
সূত্র: চ্যানেল আই অনলাইন



