জিয়াউল আহসানের মামলায় যুক্তিতর্ক শুরু, বিটিভিতে সরাসরি সম্প্রচার

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক শুরু করেছে। শুনানি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।
আওয়ামী লীগ সরকারের সময় শতাধিক ব্যক্তিকে গুম করে হত্যার অভিযোগে সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেছে। মঙ্গলবার চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম ও প্রসিকিউটর মিজানুল ইসলাম ট্রাইব্যুনালে যুক্তি তুলে ধরেন। পরবর্তী শুনানির জন্য বুধবার দিন ধার্য করেছেন বিচারকেরা।
বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ শুনানির পুরো কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। জিয়াউল আহসান কারাগার থেকে ভার্চ্যুয়ালি শুনানিতে অংশ নেন।
যুক্তিতর্কে চিফ প্রসিকিউটর বিভিন্ন ঘটনার বিবরণ দেওয়ার পাশাপাশি জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েস, মেজর (অব.) সাব্বির রহমান ওসমানী এবং সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার জবানবন্দি তুলে ধরেন। তাঁর দাবি, সামরিক কর্মকর্তাদের সাক্ষ্যে জিয়াউল আহসানের হাতে সরাসরি ১১৫ জনের বেশি মানুষ হত্যার তথ্য পাওয়া গেছে। সাক্ষীদের বর্ণনায় নিহতের সংখ্যা ১৫০ থেকে ২০০ বলে মনে হলেও ১১৫ জনের মতো শনাক্ত করা গেছে।
হত্যাকাণ্ড ও সুন্দরবন এলাকায় বিচারবহির্ভূত হত্যাসহ বিভিন্ন অপরাধের বিবরণ দেন চিফ প্রসিকিউটর। তিনি দাবি করেন, মানুষ হত্যার সময় রক্ত নিজের গায়ে না লাগার জন্য জিয়াউল আহসান বালিশ ব্যবহার করতেন। নৌকায় গুলি করে হত্যার পর মরদেহে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দেওয়া হতো বলেও তিনি যুক্তিতর্কে উল্লেখ করেন।
শুনানিতে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, জিয়াউল আহসানের বিরুদ্ধে সাবেক সেনাপ্রধান ও তাঁর সহযোগী সেনা কর্মকর্তারা সাক্ষ্য দিয়েছেন। তাঁর বক্তব্য, এ ধরনের অপরাধের দৃশ্যমান বিচার হলে কেউ পদ-পদবি ব্যবহার করে ভবিষ্যতে এমন অপরাধে জড়াতে পারবেন না।
এই মামলায় রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্যের পর চলতি বছরের ৮ ফেব্রুয়ারি সাক্ষ্যগ্রহণ শুরু হয়। প্রথম সাক্ষী ছিলেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। গত বছরের ১৭ ডিসেম্বর জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর তা আমলে নেন ট্রাইব্যুনাল।
সূত্র: আজকের পত্রিকা



