ধীরেন্দ্রনাথ দত্তের সম্পত্তি নিয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আদেশ বাতিল

কুমিল্লায় ধীরেন্দ্রনাথ দত্তের পৈতৃক সম্পত্তিকে ‘পরিত্যক্ত বাড়ি’ উল্লেখ করে পরিদর্শন দল গঠনের আদেশ বাতিল করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। এ আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে করা রিটের শুনানি সোমবার।
ভাষাসংগ্রামী ও মুক্তিযুদ্ধে শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের কুমিল্লার পৈতৃক সম্পত্তিকে ‘পরিত্যক্ত বাড়ি’ উল্লেখ করে পরিদর্শন দল গঠনের অফিস আদেশ বাতিল করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। অধিদপ্তরের চট্টগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালকের কার্যালয়ের এক স্মারকে এ তথ্য জানানো হয়েছে।
গত ৯ নভেম্বর জারি করা ওই আদেশে কুমিল্লার আদর্শ সদর উপজেলার সম্পত্তিটি সংরক্ষণের জন্য সরেজমিন পরিদর্শন ও প্রতিবেদন দিতে একটি দল গঠনের কথা বলা হয়েছিল। আদেশটি প্রত্যাহারের দাবিতে ১৬ নভেম্বর সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ পাঁচ কর্মকর্তাকে আইনি নোটিশ পাঠানো হয়।
ধীরেন্দ্রনাথ দত্তের নাতনি ও সাবেক সংসদ সদস্য আরমা দত্তের পক্ষে নোটিশটি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। ২৪ ঘণ্টার মধ্যে আদেশ বাতিল না হওয়ায় হাইকোর্টে রিট করা হয়েছে বলে জানান তিনি। তাঁর ভাষ্য, রিটের শুনানি ও আদেশের জন্য আগামী সোমবার দিন নির্ধারিত রয়েছে।
আইনি নোটিশে বলা হয়েছে, আদর্শ সদর থানার চুতরা মৌজার ৩৫৩ নম্বর হোল্ডিংয়ের ১১ দশমিক ৫৬ শতক জমির মালিকানা উত্তরাধিকার সূত্রে আরমা দত্ত ও তাঁর ভাই রাহুল দত্তের কাছে আসে। রাহুল দত্তের মৃত্যুর পর আরমা দত্ত একমাত্র জীবিত উত্তরাধিকারী হিসেবে জমিটি নিজের নামে নামজারি করেন। নোটিশে আরও দাবি করা হয়, সম্পত্তিটি কখনো পরিত্যক্ত হিসেবে তালিকাভুক্ত হয়নি।
নোটিশে অভিযোগ করা হয়, ব্যক্তিগত সম্পত্তি পরিদর্শনের আগে আরমা দত্তকে যুক্তিসংগত নোটিশ দেওয়া বা তাঁর বক্তব্য জানানোর সুযোগ দেওয়া হয়নি। ১৯৬৮ সালের পুরাকীর্তি আইনের ৬ ধারা এবং সংবিধানের ৪২ অনুচ্ছেদের প্রসঙ্গ উল্লেখ করে নোটিশে এ পদক্ষেপকে তাঁর সম্পত্তির অধিকার ক্ষুণ্ন করার শামিল বলা হয়।
নোটিশ অনুযায়ী, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য ১৪ জুন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে ঐতিহ্যবাহী স্থাপনা হিসেবে কয়েকটি সম্পত্তি ঘোষণার প্রস্তাব পাঠান, যার মধ্যে আরমা দত্তের সম্পত্তিও ছিল। পরে ২৮ সেপ্টেম্বর মন্ত্রীকে চিঠি দিয়ে ব্যক্তিগত সম্পত্তিটি হেরিটেজ সাইটের তালিকায় না রাখার অনুরোধ জানান তিনি।
সূত্র: প্রথম আলো




