সাত খুনে জিয়াউল আহসানের নির্দেশনার তথ্য এসেছে: অ্যাটর্নি জেনারেল

নারায়ণগঞ্জের সাত খুন মামলার আপিল শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল বলেছেন, আসামিদের জবানবন্দি ও মামলার নথিতে জিয়াউল আহসানের সম্পৃক্ততার তথ্য উঠে এসেছে।
নারায়ণগঞ্জের সাত খুন মামলার আপিল শুনানিতে র্যাবের সাবেক কর্মকর্তা জিয়াউল আহসানের নির্দেশনা ও ভূমিকার তথ্য উঠে এসেছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। বুধবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে শুনানি শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, মামলার নথি ও আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যাকাণ্ডের বিবরণ পাওয়া গেছে। জবানবন্দির সঙ্গে মামলার অন্যান্য সাক্ষ্যপ্রমাণেরও মিল রয়েছে।
রাষ্ট্রপক্ষের হয়ে শুনানিতে যুক্তি তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। শুনানিতে তারেক সাঈদ মোহাম্মদ, মেজর (অব.) আরিফ হোসেন, লেফটেন্যান্ট কমান্ডার এম এম রানা, হাবিলদার এমদাদুল হক ও সিপাহী আবু তৈয়বের জবানবন্দির বিভিন্ন অংশ আদালতে পড়ে শোনানো হয়।
অনীক আর হক বলেন, হত্যাকাণ্ডের কোনো প্রত্যক্ষদর্শী না থাকায় আসামিদের জবানবন্দি এ মামলায় বিশেষ গুরুত্ব বহন করে। তারেক সাঈদের ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে র্যাব সদর দপ্তরের তৎকালীন অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল জিয়াউল আহসানের নির্দেশনার উল্লেখ রয়েছে।
জবানবন্দি অনুযায়ী, ২০১৩ সালের নভেম্বরের প্রথম সপ্তাহে র্যাব-১১-এর অধিনায়ক হিসেবে যোগ দেন তারেক সাঈদ। ২০১৪ সালে র্যাব সদর দপ্তরের এক সম্মেলনে জিয়াউল আহসান তাঁকে একটি তালিকা দিয়েছিলেন, যেখানে নারায়ণগঞ্জের নজরুল ইসলামের নাম ছিল।
জিয়াউল আহসানকে এ মামলায় আসামি করা হয়নি—এ বিষয়ে প্রশ্ন করা হলে অ্যাটর্নি জেনারেল বলেন, প্রচলিত আইনে মামলাটির বিচার হয়েছে। সাক্ষ্য ও জবানবন্দিতে তাঁর নাম এসেছে, তবে তাঁকে আসামি না করায় ইতিমধ্যে সম্পন্ন বিচারপ্রক্রিয়াকে ত্রুটিপূর্ণ বলার সুযোগ নেই।
সাত খুন মামলায় হাইকোর্ট ১৫ জনের মৃত্যুদণ্ড ও ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছেন। আরও নয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। আপিল শুনানিতে হাইকোর্টের রায় বহাল রাখার পক্ষে যুক্তি দিয়েছে রাষ্ট্রপক্ষ।
অ্যাটর্নি জেনারেল জানান, বুধবার দিনভর রাষ্ট্রপক্ষ যুক্তি উপস্থাপন করেছে। বৃহস্পতিবারও শুনানি চলবে বলে আশা করছেন তিনি।
সূত্র: চ্যানেল আই অনলাইন




