নভেম্বরের প্রথম ২৩ দিনে নিষিদ্ধ আ.লীগের ৭২ ঝটিকা মিছিল: তথ্য উপদেষ্টা

নভেম্বরের প্রথম ২৩ দিনে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর ৭২টি ঝটিকা মিছিল হয়েছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। এ সময়ে ১২১টি ককটেল বা বোমা বিস্ফোরণ এবং পরিবহনে ৯৯টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
নভেম্বরের প্রথম ২৩ দিনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ কৃষক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭২টি ঝটিকা মিছিল হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন এলাকায় ১২১টি ককটেল বা বোমা বিস্ফোরণ এবং পরিবহনে আগুন দেওয়ার ৯৯টি ঘটনা ঘটেছে।
মঙ্গলবার সচিবালয়ে সরকারের সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের তথ্যের ভিত্তিতে এসব পরিসংখ্যান তৈরি করা হয়েছে বলে তিনি জানান। পরে তথ্য মন্ত্রণালয় এ বিষয়ে বিস্তারিত তথ্য দেয়।
ঝটিকা মিছিলের ঘটনায় ২২টি মামলা ও পাঁচটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে; গ্রেপ্তার হয়েছেন ৬৬ জন। আইনি নিষেধাজ্ঞার কারণে দলগুলো এ ধরনের মিছিল করতে পারে না উল্লেখ করে জাহেদ উর রহমান বলেন, “এটা বেআইনি। এ কারণে তাদের বিরুদ্ধে মামলা হবে এবং গ্রেপ্তার হবেন।”
ককটেল বা বোমা বিস্ফোরণের ঘটনায় একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। এসব ঘটনায় ৬২টি মামলা ও ২৭টি জিডি হয়েছে এবং গ্রেপ্তার হয়েছেন ১০০ জন। এ সময়ে পুলিশের স্থাপনায় চারটি হামলা, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ২৮টি ঘটনা এবং ২১ পুলিশ সদস্য আহত হওয়ার তথ্যও জানান উপদেষ্টা।
গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখায় ককটেল বা বোমা বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ৭২টি ঘটনা ঘটেছে বলে জানান জাহেদ উর রহমান। তাঁর ভাষ্য, অধ্যাপক মুহাম্মদ ইউনূস দাবি করেছেন, গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০টি শাখায় হামলা হয়েছে।
সংবাদ সম্মেলনে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।
সূত্র: প্রথম আলো





