সওজের নজরদারি তথ্য দিয়ে ট্রাফিক আইন প্রয়োগ করবে হাইওয়ে পুলিশ

মহাসড়কে আইন লঙ্ঘন শনাক্তে সওজের সিসিটিভি ও বিভিন্ন পরিবহন প্রযুক্তির তথ্য ব্যবহারের সুযোগ পাবে হাইওয়ে পুলিশ। এ বিষয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে।
মহাসড়কে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, অবৈধ পার্কিং, অননুমোদিত স্থানে যান থামানো ও লেনের শৃঙ্খলা ভাঙার ঘটনা শনাক্তে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) প্রযুক্তি ব্যবহার করবে হাইওয়ে পুলিশ। এ বিষয়ে মঙ্গলবার রাজধানীর সচিবালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।
চুক্তি অনুযায়ী, সওজের ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারে (টিএমসি) রাখা সিসিটিভি ফুটেজ এবং অটোমেটেড নম্বর প্লেট রিকগনিশন (এএনপিআর), স্পিড ডিটেকশন সিস্টেম, ওয়েট-ইন-মোশন (ডব্লিউআইএম) ও অন্যান্য ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেমের (আইটিএস) তথ্য পাবে হাইওয়ে পুলিশ। এসব তথ্য ব্যবহার করে যানবাহনের চলাচল পর্যবেক্ষণ ও ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে সংস্থাটি।
সড়ক দুর্ঘটনা কমানো, যানজট নিয়ন্ত্রণ ও সড়ক নিরাপত্তার উন্নয়নে দুই প্রতিষ্ঠান তথ্য বিনিময় এবং সমন্বিতভাবে কাজ করবে। নিরাপদ ডিজিটাল প্ল্যাটফর্মে তাৎক্ষণিক তথ্য আদান-প্রদানের ব্যবস্থা করা হবে। প্রয়োজনীয় কারিগরি সহায়তা ও তথ্যপ্রাপ্তি সপ্তাহের সাত দিন, ২৪ ঘণ্টা চালু রাখার উদ্যোগও নেওয়া হবে।
সমঝোতা স্মারক সইয়ের সাত কার্যদিবসের মধ্যে সওজ হাইওয়ে পুলিশকে প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) লিংক ও কারিগরি নির্দেশনা দেবে। হাইওয়ে পুলিশ টিএমসির ডেটাবেইসের তথ্য শুধু দেখতে পারবে; তথ্য পরিবর্তন বা সম্পাদনা করতে পারবে না। গোপনীয়তা ও নিরাপত্তা রক্ষায় দুই প্রতিষ্ঠানকে নির্ধারিত বিধিবিধান মানতে হবে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, বাংলাদেশ হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মো. সায়েদুর রহমান এবং বিভাগের অতিরিক্ত সচিব মো. আনিসুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বাংলাদেশ পুলিশ ও সওজের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেখানে ছিলেন।
স্বাক্ষরের দিন থেকেই সমঝোতা স্মারক কার্যকর হয়েছে। এর প্রাথমিক মেয়াদ পাঁচ বছর।
সূত্র: আজকের পত্রিকা





