মুক্তাগাছায় কিশোরী হত্যা: প্রেমিক আকিবুল গ্রেপ্তার

ময়মনসিংহের মুক্তাগাছায় ১৩ বছর বয়সী কিশোরীকে হত্যার মামলায় ১৯ বছর বয়সী আকিবুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
ময়মনসিংহের মুক্তাগাছায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে হত্যার মামলায় আকিবুল (১৯) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার দাওগাঁও ইউনিয়নের পোড়াবাড়ী এলাকার একটি আসবাবের দোকান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি দাওগাঁও নামাপাড়া এলাকার আবদুল লতিফের ছেলে।
মঙ্গলবার মুক্তাগাছা থানা-পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকিবুল জানিয়েছেন, ওই কিশোরীর সঙ্গে তাঁর দুই বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি কিশোরী তাঁকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ১৭ নভেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আকিবুল কিশোরীকে তার নানার বাড়ির পেছন থেকে ডেকে নিয়ে যান। পরে বাড়ি থেকে কিছু দূরে খালপাড়ের ধানখেতে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। একপর্যায়ে কিশোরী তাঁকে চড় মারলে ক্ষুব্ধ হয়ে তিনি তার গলা চেপে ধরেন। কিশোরী অচেতন হয়ে পড়লে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন আকিবুল।
হত্যার পর মরদেহটি একটি মৎস্য খামারের পাশে ধানখেতের আইলে রেখে দুটি কলাগাছ দিয়ে ঢেকে বাড়ি চলে যান আকিবুল—পুলিশের জিজ্ঞাসাবাদে এমন তথ্য দিয়েছেন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ১৭ নভেম্বর সন্ধ্যায় নানার বাড়ি থেকে নিখোঁজ হয় কিশোরী। পরদিন বেলা ১১টার দিকে দাওগাঁও নামাপাড়া এলাকার একটি মৎস্য খামারের পাশে ধানখেতের আইলে তার মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় কিশোরীর বাবা অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মুক্তাগাছা থানায় হত্যা মামলা করেন।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, তদন্তে কিশোরীর সঙ্গে অভিযুক্তের সম্পর্কের তথ্য পাওয়ার পর সোমবার তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাঁকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।
সূত্র: প্রথম আলো





