নারী নির্যাতন ঠেকাতে আইনি পদক্ষেপ ও পুরুষদের অংশগ্রহণের আহ্বান

নারী নির্যাতনের শিকারদের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে অপরাধীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছেন বক্তারা। তাঁদের মতে, এ কাজে পুরুষদেরও যুক্ত হতে হবে।
নারী নির্যাতনের শিকার অনেকেই ঘটনা গোপন রাখেন, আর আইনের আশ্রয় নিতে চাইলেও প্রয়োজনীয় সহায়তা পান না। এ পরিস্থিতি বদলাতে ভুক্তভোগীদের আইনি পদক্ষেপ নেওয়া এবং পুরুষদেরও নির্যাতন প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বক্তারা।
মঙ্গলবার রাজধানীর বিজয় সরণিতে সামরিক জাদুঘরের সম্মেলনকক্ষে মানুষের জন্য ফাউন্ডেশনের আয়োজনে জাতীয় সংলাপে তাঁরা এসব কথা বলেন। নির্যাতনের শিকার নারীর নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে অপরাধীদের জবাবদিহির আওতায় আনার ওপরও জোর দেন বক্তারা।
সংলাপে ২০২৫ সালে প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) নারী নির্যাতনবিষয়ক জরিপ ২০২৪-এর তথ্য তুলে ধরা হয়। এতে বলা হয়, বাংলাদেশের ৭৬ শতাংশ বিবাহিত নারী জীবনে কখনো স্বামী বা সঙ্গীর নির্যাতনের শিকার হয়েছেন। তাঁদের ৬৪ শতাংশ কাউকে নির্যাতনের কথা জানাননি; আইনি পদক্ষেপ নিয়েছেন মাত্র ৭ শতাংশ।
নীরব থাকার কারণ হিসেবে প্রতিশোধের ভয়, সামাজিক অপমান, অর্থনৈতিক নির্ভরশীলতা, সন্তানদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা, সহায়তা পাওয়ার খরচ এবং প্রতিষ্ঠানের প্রতি অনাস্থার কথা উল্লেখ করা হয়। সুপ্রিম কোর্ট ও ব্র্যাকের গবেষণার তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৩২ জেলার ৪৬টি ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া ৪ হাজার ৪০টি মামলার নমুনায় দণ্ডাদেশের হার ছিল ৩ শতাংশ। প্রায় ৭০ শতাংশ মামলায় আসামি খালাস পেয়েছেন; একটি মামলা নিষ্পত্তিতে গড়ে সময় লেগেছে ১ হাজার ৩৭০ দিন।
মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, নির্যাতনের ঘটনা লুকিয়ে রাখার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। নির্যাতন প্রতিরোধের কৌশলে কোনো ভুল আছে কি না, তা পর্যালোচনার পাশাপাশি আগামী বছরে অন্তত একটি ক্ষেত্রে পরিবর্তন আনার অঙ্গীকারের আহ্বান জানান তিনি।
প্যানেল আলোচনায় অর্থনীতিবিদ ও গবেষক সেলিম জাহান বলেন, সহিংসতার ধরন ও প্রভাব বুঝতে উপাত্তকে বিভাজিত করা দরকার। নারীর প্রতি সহিংসতার দায় রাষ্ট্র এড়াতে পারে না এবং আইন বাস্তবায়নে রাষ্ট্রের ভূমিকা থাকা প্রয়োজন। আলোচনায় পুরুষদের অংশগ্রহণ না বাড়লে সমস্যার সমাধান হবে না বলেও মন্তব্য করেন তিনি।
রাজনীতিবিদ ও চিকিৎসক তাসনিম জারা বলেন, ১০৯ হেল্পলাইন, ৯৯৯ এবং ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারের মাধ্যমে সহায়তা নেওয়া গেলেও সেবাদাতাদের পর্যাপ্ত লোকবল ও নিয়মিত বেতনের ঘাটতি রয়েছে। মানুষের জন্য ফাউন্ডেশনের গভর্নিং বোর্ডের চেয়ারপারসন পারভীন মাহমুদ বলেন, পরিবার ও সমাজে নারীর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার পাশাপাশি সরকারকে ভুক্তভোগীর সুরক্ষা এবং অভিযুক্তের জবাবদিহি নিশ্চিত করতে হবে।
সূত্র: প্রথম আলো





