দুর্গাপুরে ইউপি কর্মকর্তার বিরুদ্ধে ৫৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, আটক ২

নেত্রকোনার দুর্গাপুরে দুটি ব্যাংক হিসাব থেকে স্বাক্ষর জাল করে ৫৯ লাখ ১৫ হাজার ২৩৮ টাকা তোলার অভিযোগ উঠেছে এক ইউপি কর্মকর্তার বিরুদ্ধে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
নেত্রকোনার দুর্গাপুরে দুটি ব্যাংক হিসাব থেকে স্বাক্ষর জাল করে ৫৯ লাখ ১৫ হাজার ২৩৮ টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে গাঁওকান্দিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. রুয়েলুজ্জামানের বিরুদ্ধে। অভিযোগ ওঠার পর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
ইউনিয়ন পরিষদের প্রশাসক ও দুর্গাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফজলুর রহমান আটজনের নাম উল্লেখ করে মঙ্গলবার থানায় অভিযোগ করেন। পুলিশ বুধবার অভিযোগটি দুর্নীতি দমন কমিশনের (দুদক) ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ে পাঠায়।
ইউপি কার্যালয় সূত্রে জানা গেছে, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৮৭৭ কৃষককে সহায়তা দিতে চলতি বছরের জুলাইয়ে ২৬ লাখ ৩১ হাজার টাকা বরাদ্দ হয়। প্রত্যেক কৃষকের ৩ হাজার টাকা করে পাওয়ার কথা ছিল। সোনালী ব্যাংকের দুর্গাপুর শাখায় পরিষদের প্রশাসক ও প্রশাসনিক কর্মকর্তার যৌথ হিসাবে বরাদ্দের অর্থের পাশাপাশি আগের ২৮ হাজার ৮৫৪ টাকাও জমা ছিল।
কৃষকদের সহায়তার অর্থ বিতরণের দিন ঠিক ছিল বৃহস্পতিবার। প্রশাসক ফজলুর রহমানের ভাষ্য, টাকা বিতরণের প্রস্তুতি নিতে বলার পর রুয়েলুজ্জামান নানা অজুহাতে সময় নেন এবং অসুস্থতার কথা বলে দায়িত্ব এড়িয়ে যান। ২২ নভেম্বর বিকেল থেকে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়; গ্রামের বাড়িতেও তাঁকে খুঁজে পাওয়া যায়নি।
সন্দেহ হওয়ায় ব্যাংক থেকে হিসাব বিবরণী নেন ফজলুর রহমান। সেখানে দেখা যায়, ২৮ সেপ্টেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত ২৬টি চেকের মাধ্যমে তাঁর স্বাক্ষর জাল করে কৃষকদের সহায়তার হিসাব থেকে সাড়ে ২৬ লাখ টাকা তোলা হয়েছে। ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলের হিসাব থেকেও ৪৪টি চেকে ৩২ লাখ ৬৫ হাজার ২৩৮ টাকা উত্তোলন করা হয়। এসব লেনদেনে রুয়েলুজ্জামান নিজের লোকজনকে ব্যবহার করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে রুয়েলুজ্জামানের স্ত্রী সুরাইয়া বিলকিছ, তাঁর তিন ভাই রোকন তালুকদার, রবিন তালুকদার ও রাকিব তালুকদার, গাঁওকান্দিয়া গ্রামের উসমান গনি ও তাঁর স্ত্রী বিলকিছ আক্তার এবং দাখিনাইল গ্রামের রিপন কর্মকারের নাম রয়েছে। অজ্ঞাতনামা আরও ছয়জনকেও অভিযুক্ত করা হয়েছে। পুলিশ উসমান গনি ও রিপন কর্মকারকে আটক করেছে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহম্মদ জানান, আটক দুজনকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অভিযুক্তদের মধ্যে সরকারি চাকরিজীবী থাকায় অভিযোগটি দুদকের ময়মনসিংহ কার্যালয়ে পাঠানো হয়েছে।
দুদকের ময়মনসিংহ কার্যালয়ের সহকারী পরিচালক বুলু মিয়া বৃহস্পতিবার সকালে বলেন, অভিযোগের কপি পাওয়ার পর মামলার অনুমতি চেয়ে তা দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হচ্ছে।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত আরও খবর

কুমিল্লা মেডিকেলে দুদকের অভিযানে কেনাকাটা, সেবা ও ওষুধের মজুতে অনিয়ম

জন্মনিবন্ধনে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ, শ্যামকুড় ইউপি সচিবকে নোটিশ


