জন্মনিবন্ধনে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ, শ্যামকুড় ইউপি সচিবকে নোটিশ

যশোরের মনিরামপুরে জন্মনিবন্ধন সংশোধন ও ডিজিটাল করতে নির্ধারিত ফির বাইরে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে শ্যামকুড় ইউপি সচিব মৃণাল কান্তির বিরুদ্ধে। অভিযোগের ব্যাখ্যা চেয়ে তাঁকে সাত কর্মদিবসের নোটিশ দিয়েছেন ইউএনও।
যশোরের মনিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়ন পরিষদের সচিব মৃণাল কান্তির বিরুদ্ধে জন্মনিবন্ধনের তথ্য সংশোধন ও ডিজিটাল করার জন্য সরকারি ফির চেয়ে ২০ থেকে ৩০ গুণ বেশি টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁকে সাত কর্মদিবসের মধ্যে কারণ দর্শাতে নোটিশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট হোসেন।
সম্প্রতি পরিষদে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ২২ নভেম্বরের ওই ভিডিওতে স্থানীয় বাসিন্দা রিপন হোসেনের সঙ্গে সচিবকে কথা-কাটাকাটি করতে এবং পাসপোর্টের তথ্যের সঙ্গে মিল রেখে জন্মনিবন্ধন ডিজিটাল করার জন্য তিন হাজার টাকা চাইতে শোনা যায়। রিপন তাঁর ভাইপোর জন্মনিবন্ধন করাতে পরিষদে গিয়েছিলেন।
এ ছাড়া স্থানীয় লাউড়ি গ্রামের নাছিমা খাতুনের জন্মনিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রে বয়সের প্রায় তিন বছরের অমিল সংশোধনে তাঁর স্বামী মোর্শেদ আলমের কাছ থেকে দুই হাজার টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। মোর্শেদের ভাষ্য, প্রথমে সচিব ৫০০ টাকা চেয়েছিলেন; পরে কাজটি ঢাকায় করাতে পাঁচ হাজার টাকা লাগবে বলেছিলেন। কয়েক দফা আলোচনার পর তিনি সচিবের বিকাশ নম্বরে দুই হাজার টাকা পাঠান। পরদিন সংশোধিত ডিজিটাল জন্মনিবন্ধন পান বলে দাবি করেন তিনি।
মোর্শেদ বলেন, এ বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন সচিবকে ফোন করে অনুরোধ করলেও কাজ হয়নি। চেয়ারম্যানের কাছে সচিবের বিরুদ্ধে অতিরিক্ত টাকা চাওয়ার আরও অভিযোগ এসেছে বলেও তিনি জানান। রিপনের ভাইপোর জন্মনিবন্ধনে পাসপোর্টের সঙ্গে ইংরেজি নাম মেলাতে তিন হাজার টাকা চাওয়ার ভিডিও দেখে ভুক্তভোগীকে উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিতে বলেছেন এবং বিষয়টি ইউএনওকে জানিয়েছেন বলে জানান চেয়ারম্যান।
অভিযোগ অস্বীকার করে মৃণাল কান্তি বলেন, কাজ করে দেওয়ার পর মোর্শেদ খুশি হয়ে তাঁকে দুই হাজার টাকা বিকাশ করেছেন। তাঁর দাবি, রিপন প্রভাব খাটিয়ে অযৌক্তিক দাবি করেন; সেগুলো পূরণ না করায় তাঁর কথার ভিডিও করে ফেসবুকে দিয়েছেন।
জন্মনিবন্ধনের জটিলতা সমাধানে সহায়তা করেন ইউএনও কার্যালয়ের সহকারী প্রশাসনিক কর্মকর্তা তানভীর হায়দার। তাঁর বিরুদ্ধে আবেদনপ্রতি দুই হাজার টাকা পর্যন্ত নেওয়ার অভিযোগ করেন মৃণাল কান্তি। তানভীর এ অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি কোনো টাকা নেন না; সচিবের এমন বক্তব্যের পর ইউএনও তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।
ইউএনও সম্রাট হোসেন বলেন, অতিরিক্ত টাকা চাওয়ার ভিডিও তাঁর নজরে এসেছে। এ অভিযোগে সচিবকে সাত কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। সন্তোষজনক জবাব না পেলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: আজকের পত্রিকা




