রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, গুলি ও ককটেল বিস্ফোরণের অভিযোগ

ছাত্রলীগের এক নেতাকে পুলিশের হাতে তুলে দেওয়াকে কেন্দ্র করে রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছেন; সংঘর্ষে গুলি ও ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে।
রাজশাহীতে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে পুলিশের হাতে তুলে দেওয়াকে কেন্দ্র করে মহানগর ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কয়েকজন নেতা-কর্মী আহত হন। তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরের জাদুঘর মোড় এলাকায় সংঘর্ষ শুরু হয়। প্রায় দুই ঘণ্টা ধরে থেমে থেমে চলা সংঘর্ষে দেশীয় অস্ত্র নিয়ে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ হয়। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ এবং কয়েক রাউন্ড গুলিবর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করতে টিয়ার শেল নিক্ষেপ করে। এরপরও সংঘর্ষ চলতে থাকলে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা রয়েছে।
মহানগর ছাত্রদলের সদস্যসচিব ইমদাদুল হক লিমনের অভিযোগ, রাজপাড়া থানায় ছাত্রদলের নেতা-কর্মীরা শাহিনুর নামের নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পরে তাঁরা জাদুঘর মোড়ে গেলে মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাফায়েত হোসেন মান্নার নেতৃত্বে তাঁদের ওপর হামলা হয়।
লিমনের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নির্দেশনায় দেশীয় অস্ত্র ও ককটেল নিয়ে হামলা চালানো হয়। তাঁর অভিযোগ, আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মীও সংঘর্ষে যোগ দিয়ে তাঁদের লক্ষ্য করে গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটান। অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে দলের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি দাবি জানিয়েছেন তিনি।
অভিযুক্ত ছাত্রদল নেতা সাফায়েত হোসেন মান্নার তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাছুমা মুস্তারির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
সূত্র: আজকের পত্রিকা



