পাবনায় গোপন গুদামে ৪০ বস্তা সার, দুই ডিলারকে জরিমানা

কৃষকদের জন্য বরাদ্দ করা সার অবৈধভাবে মজুত ও রেজিস্টার ঠিকমতো না রাখার অভিযোগে পাবনায় দুই ডিলারকে মোট ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পাবনায় কৃষকদের জন্য বরাদ্দ করা সরকারি সার মজুত এবং বিতরণের রেজিস্টার যথাযথভাবে সংরক্ষণ না করার অভিযোগে দুই ডিলারকে মোট ৪৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযান চালিয়ে একটি গুদাম থেকে ৪০ বস্তা টিএসপি সার জব্দ করেছে উপজেলা কৃষি বিভাগ।
মঙ্গলবার বিকেলে পাবনা শহরের জুবিলী ট্যাংক এলাকা ও সদর উপজেলার পুষ্পপাড়া বাজারে অভিযান চালানো হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামারা তাসবিহা এ তথ্য নিশ্চিত করেছেন।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, সাদুল্লাপুর ইউনিয়নের দুবলিয়া বাজারের বিসিআইসি ডিলার আরকে ট্রেডার্সের মাধ্যমে কৃষকদের জন্য বরাদ্দ করা সার শহরের একটি গোপন গুদামে রাখা হয়েছিল। গনি বিহারীর মিলের সামনে ওই গুদামে অভিযান চালিয়ে ৪০ বস্তা টিএসপি সার জব্দ করা হয়। পরে সারগুলো কৃষকদের মধ্যে বিতরণের নির্দেশ দেওয়া হয়।
এ ঘটনায় আরকে ট্রেডার্সের স্বত্বাধিকারী কাদের বিশ্বাসকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। স্থানীয় কৃষকদের অভিযোগ, প্রতিষ্ঠানটির ম্যানেজার কামরুল ইসলাম বরাদ্দের বড় অংশ কৃষকদের না দিয়ে বিভিন্ন দোকানির কাছে বেশি দামে বিক্রি করতেন। তাঁদের দাবি, সন্ধ্যার পর চুক্তিবদ্ধ দোকানিদের ডেকে সার বিক্রি করা হতো এবং বরাদ্দের দিনও বিতরণে দেরি করা হতো।
পুষ্পপাড়া বাজারে সার বিতরণের রেজিস্টার সঠিকভাবে সংরক্ষণ না করার অভিযোগে হিরোক ট্রেডার্সকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাকিরুল ইসলাম জাকির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সার অবৈধভাবে মজুত ও বিক্রির চেষ্টার খবর পেয়ে অভিযান চালানো হয়। সারের অনিয়ম ও অবৈধ মজুদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
সূত্র: আজকের পত্রিকা



