গাজীপুরে ৫০ কারখানায় ছুটি, ৩৫টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ

শ্রমিক বিক্ষোভ ও সংঘর্ষের মধ্যে গাজীপুরের ৫০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। আরও ৩৫টির মতো কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
শ্রমিক বিক্ষোভ ও সংঘর্ষের কারণে গাজীপুরের শিল্পাঞ্চলে বুধবারও অস্থিরতা ছিল। পরিস্থিতি বিবেচনায় জেলার ৫০টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া প্রায় ৩৫টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।
শ্রীপুর শিল্পাঞ্চলের কয়েকটি কারখানায় তিন দিনের ছুটি দেওয়া হয়েছে। ছুটি পেয়ে অনেক শ্রমিক বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন। বুধবার দুপুরের পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন বাসস্টপে শ্রমিকদের বাড়ি ফেরার চিত্র দেখা যায়।
গাজীপুর ও শ্রীপুরের শিল্পাঞ্চলে কয়েক দিন ধরে বেতন বাড়ানোর দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করছেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে তাঁদের সংঘর্ষও হয়েছে। মঙ্গলবার রাতে সরকারের গঠিত মজুরি বোর্ড শ্রমিকদের বেতন নির্ধারণ করে। এরপরও বুধবার সকালে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা।
ফখরুদ্দিন টেক্সটাইল মিলের শ্রমিক জয়নাল আবেদীন বলেন, শুক্রবারসহ তিন দিনের ছুটি পেয়েছেন তিনি। শনিবার কাজে যোগ দেবেন। ছুটির সময় কারখানায় না থেকে পরিবারের সঙ্গে থাকতে বাড়ি যাচ্ছেন।
মেঘনা নীট কারখানার শ্রমিক আকলিমা আক্তার বলেন, সকালে সহকর্মীদের বিক্ষোভের পর কারখানায় তিন দিনের ছুটি ঘোষণা করা হয়। তিনি পরিবার নিয়ে গ্রামের বাড়িতে যাচ্ছেন। হ্যামস গার্মেন্টসের শ্রমিক বিল্লাল হোসেন জানান, তিন দিনের ছুটি পেলেও সন্তানদের স্কুল খোলা থাকায় স্ত্রী-সন্তানদের রেখে তিনি গ্রামের বাড়ি যাচ্ছেন।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, বুধবার শিল্পাঞ্চলের ৫০টি কারখানায় ছুটি এবং প্রায় ৩৫টি কারখানায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সকাল থেকে দুপুরে পরিস্থিতি স্বাভাবিক ছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
সূত্র: আজকের পত্রিকা




