‘একটা মারলে দুইটা মারব’, কুষ্টিয়ায় হামলার পর আমির হামজার বক্তব্য

কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়িতে হামলায় পাঁচজন আহত হওয়ার পর তাঁদের দেখতে গিয়ে পাল্টা হামলার কথা বলেন সংসদ সদস্য আমির হামজা। তাঁর বক্তব্যের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।
কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়িতে হামলা ও গুলির ঘটনায় আহত ব্যক্তিদের দেখতে গিয়ে পাল্টা হামলার কথা বলেছেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতের সংসদ সদস্য আমির হামজা। তাঁর বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আমির হামজা একটি ফটোকার্ডও দেন। সেখানে লেখা ছিল, ‘একটা মারলে দুইটা মারবো! কর্মীদের ওপর হামলার প্রতিশোধ নিতে জামায়াত বাধা দিলে প্রয়োজনে জামায়াত ছেড়ে দেব।’ পরে রাত সাড়ে ১০টার পর সেটি পেজ থেকে সরিয়ে নেওয়া হয়। সরানোর আগে ফটোকার্ডটিতে ২১ হাজার ৮০০ প্রতিক্রিয়া, ১ হাজার ৯০০ মন্তব্য এবং ৪৮৩টি শেয়ার পড়ে।
গত বুধবার রাত সাড়ে আটটার দিকে কুষ্টিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের জুগিয়া দরগাপাড়া এলাকায় স্থানীয় জামায়াত নেতা শাজাহান আলীর বাড়িতে হামলা, ভাঙচুর ও গুলির ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন আহত হন। তাঁদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শাজাহান আলী ও আমির হামজার অভিযোগ, স্থানীয় বিএনপি ও যুবদলের নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে আহত ব্যক্তিদের দেখতে যান আমির হামজাসহ দলীয় নেতারা। সেখানকার ছড়িয়ে পড়া ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘সবর-মবর এখন বাদ। না না, কোনো সবর নেই, দরকার হয় জামায়াত ছেইড়ি দিব। মাইর খাওয়ার মধ্যিই নেই। একটা মারবে, দুইটা মারবো, সেই ব্যবস্থা...।’
আমির হামজার বক্তব্য জানতে তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হকের মুঠোফোনে কল করা হলেও তিনি ধরেননি। আমির হামজার একান্ত সহকারী মোমিন বিশ্বাস বলেন, সংসদ সদস্য মাহফিলে আছেন এবং রাতে সাংগঠনিক সভায় যোগ দিতে ঢাকায় যাবেন। ছড়িয়ে পড়া বক্তব্যটি তিনি শুনেছেন, তবে ফেসবুকে পোস্ট দেওয়ার বিষয়ে তাঁর জানা নেই।
সূত্র: প্রথম আলো


